ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদের ওপর লোহার সেতু। সেতুটি পেরুলেই ১১০টি পরিবারের বসতি। অনেকে ওই বসতিকে এসিল্যান্ড বস্তি নামেও ডাকে। এবার পানিতে ডুবে গেছে ওই বসতির ঘরদোর, আসবাব।
ওই বসতিতে ঢোকার মুখে গতকাল শনিবার দুপুরে দেখা মাজিদা বেগমের (৪৫) সঙ্গে। একটি গাছের নিচে তিনি বসে আছেন। দুপুরের খাবার খেয়েছেন কিনা জিজ্ঞেস করতেই মাজিদা বলেন, রান্না হয়েছে। একটু বেলা বাড়লে খাবেন। কারণ জানতে চাইলেই মাজিদা বলেন, ‘আগে খাইলে রাইতে আবার খিদা লাগে। আর ঘুম আসতে চায় না যে।’
কিছুদিন আগেও মাজিদা রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। এক দুর্ঘটনায় আহত হওয়ার পর আর কাজ করতে পারেন না। এখন পাশের সবজি আড়তের ব্যবসায়ীদের কাছ থেকে নষ্ট সবজি চেয়ে পথের ধারে বসে কম দামে বিক্রি করেন। বন্যার কারণে সবজির দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা আর তা দিতে চান না। এ কারণে মাজিদার আয়ও বন্ধ হয়ে গেছে।
একটু ভেতরে দিনমজুর রণজিতের (৩৬) বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর ছেলে (৪) চিৎকার করে কাঁদছে। দাদি সুচিত্রা রানী ওকে শান্ত করার চেষ্টা করছেন। সুচিত্রা বলেন, ‘সকাল থেকে নাতির মুখে খাবার দিতে পারেননি। দুই দিন থেকে সরকারি ভাত-খিচুড়ি দেওয়া বন্ধ। শুক্রবার কিছু চাল-ডাল পেয়েছি, সেগুলো রান্না হলে সবাই খাব।’
স্থানীয় একটি মেসে রান্না করে সংসার চালান সাহেরা খাতুন। ছেলে ফয়জুল ও শফিউলকে নিয়ে থাকেন সেখানে। ঘরে পানি উঠায় ওই মেস বন্ধ। এতে বিপাকে পড়েছেন তিনি। তিনি বলেন, ‘ঢল নামার পর বাড়ি ছাইড়া শিল্পকলা একাডেমিতে চইলা যাই। বুধবার সকাল থেকে ওইখানে রান্না করা খাবার দেওয়া বন্ধ কইরা দেয়। এরপর কিছু সরকারি চাল পাইছি। ওগুলা রান্নার জন্য চুলা ঠিক করতাছি।’ পাশের বাড়ির বাসিন্দা হোসনে আরা ও ফাতেমা বেগম বন্যায় হেলে পড়া ঘর থেকে কাপড়চোপড় বের করে রোদে শুকাচ্ছিলেন। তাঁদের সহায়তা করেন ইজিবাইকচালক মোমিন।
ওই এলাকার বাসিন্দা ফাতেমা বেগম বলেন, ‘আমরা চাই আমাগো ঘর করে দেওয়ার সাহায্য। ঢলের পানি যাতে আর না ঢুকতে পারে, তার ব্যবস্থা কইরা দেওয়া।’ আব্দুর রহিম বলেন, ‘ভিটের চিহ্নটাও নেই। ঘর তৈরি করব কেমন করে।’ আরেক বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘দুদিন থেকে কেউ এক পেটা, কেউ আধপেটা খাচ্ছি। সেটা কাহিল করতে পারতাছে না। কিন্তু ভাঙা ঘরের দিকে তাকাইলেই মনে আর বল পাই না।’ ফেরার পথে পেছন থেকে ডাক দেন জবেদা বেগম (৭০)। ক্ষোভের সঙ্গেই বললেন, ‘দেখলাম অনেক খোঁজখবর নিলেন। বুঝলেন, আমরা কেমুন আছি।’
জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল বলেন, ‘ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে সব সময় আছি। এখন তাদের মানবিক সহায়তার কাজ চলছে। যাদের ঘরবাড়ি ভেসে গেছে, সেগুলো সংস্কারে আমরা উদ্যোগ নেব। বসতি রক্ষায় বাঁধ নির্মাণের বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে।’