'বুঝা যাচে বছরটা ভালোই যাবি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কদিনের শীতত জীবনটা যাবা লাগছিলো। এনা গরম কাপড়ের তনোত এর ওর কাছে গেলো। কেউ দিলো না। তোমার কম্বলটা পায়ে জীবনটার সুখ পানো। নয়া বছরোত না চাতেই তোমার কম্বল পানো। বুঝা যাচে নয়া বছরটা ভালোই যাবি।’ দিনাজপুরের নবাবগঞ্জে গতকাল বুধবার দুপুরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুস্থ-শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় কম্বল পেয়ে এ কথাগুলো বলছিলেন উপজেলার বিনোদনগর ইউনিয়নের রামপুর গ্রামের বৃদ্ধা ছায়রা বেওয়া।
নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ চত্বরে উপজেলার ৭০ জন নারী-পুরুষকে কম্বল দেওয়া হয়। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আহসান হাবিব, ওই কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন, প্রথম আলোর প্রতিনিধি এ এস এম আলমগীর প্রমুখ।