'বুঝিয়ে দিতে' চায় জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ সেপ্টেম্বর খুলনায় আসছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। তাঁর আগমনে নিজেদের সর্বোচ্চ শক্তি প্রদর্শনের চেষ্টা করছে বিএনপি ও জামায়াত।
আন্দোলন কর্মসূচি সফল করতে কর্মীদের আন্তরিকতা ও সরকারকে নিজেদের জনসমর্থন দেখিয়ে দেওয়াই বিএনপির মূল উদ্দেশ্য। অন্যদিকে গ্রেপ্তার-নির্যাতনের পরও জামায়াতের মাঠপর্যায়ে শক্তি কেমন, এটা বুঝিয়ে দিতে তারাও তৎপর।
দলীয় সূত্র জানায়, ২৯ সেপ্টেম্বর খুলনার সার্কিট হাউস ময়দানের জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া। জনসভা সফল করতে ১৬টি সাব কমিটি গঠন করেছে বিএনপি। বিভাগীয় সদর খুলনার জনসভা সফল করতে সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।
জানা যায়, বিগত সিটি নির্বাচনের পর বিএনপির জনসমর্থন কী পরিমাণে বেড়েছে, জনসভায় লোক সমাগমের মাধ্যমে তার প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন বিএনপির নেতারা। বিগত দিনগুলোতে আন্দোলন কর্মসূচি খুলনায় সফলভাবে পালিত হয়েছে। এ জন্য খুলনার নেতাদের প্রতি দলীয় প্রধানের আস্থা ধরে রাখতে তাঁদের এই প্রচেষ্টা।
নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাহারুজ্জামান মোর্তজা বলেন, দমন-পীড়ন ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা হারিয়েছে। তারা এখন খালেদা জিয়ার দিকনির্দেশনামূলক বক্তব্য শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন বলে মন্তব্য করেন তিনি।
নগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম বলেন, সার্কিট হাউস ময়দানকে জনসভার মঞ্চ ধরে সমগ্র খুলনা নগরকে সমাবেশস্থলে পরিণত করা হবে। এবার সমাবেশে ১০ লাখ লোকের জমায়েত হবে।
এদিকে খালেদা জিয়ার জনসভাকে নিজেদের শক্তি প্রদর্শনের একটি সুযোগ হিসেবে নিয়েছে জামায়াতে ইসলামী। যেকোনো মূল্যে জনসভায় নিজেদের শক্তি ও আধিপত্য প্রদর্শন করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দলটি। ইতিমধ্যে আত্মগোপনে থাকা নেতারা খুলনায় ফিরেছেন। নগর জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমানকে আহ্বায়ক করে জনসভা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। থানা ও ওয়ার্ডেও হয়েছে কমিটি।
নগর জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান বলেন, জনসভায় জামায়াতের লক্ষাধিক নেতা-কর্মী উপস্থিত থাকবেন। মামলা-হামলা চালিয়ে জামায়াতকে যে নির্মূল করা যাবে না, জনসভায় সেটা বুঝিয়ে দেওয়া হবে।