'বুদ্ধিজীবী হত্যায় মুঈনুদ্দীন-আশরাফুজ্জামান জড়িত ছিলেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী সৈয়দ মর্তুজা নাজমুল (৪৭)। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরের ১০ ডিসেম্বর শেষ রাতে তাঁর সামনে থেকে বাবা শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হককে আলবদররা ধরে নিয়ে যায়। পরে তিনি তাঁর চাচাদের কাছে ও পত্র-পত্রিকার মাধ্যমে জেনেছেন, তাঁর বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ মঙ্গলবার মর্তুজা নাজমুলের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। তিনি শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হকের বড় ছেলে।

তাঁর জবানবন্দির আগে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছোট ছেলে তৌহিদ রেজা নূরকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই।

জবানবন্দিতে মর্তুজা নাজমুল বলেন, একাত্তরে তাঁরা পুরানা পল্টনের একটি দোতলা বাসার নিচতলায় ভাড়া থাকতেন। তাঁর বাবা পাকিস্তান প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) প্রধান প্রতিবেদক ছিলেন। এ ছাড়াও পাকিস্তান থেকে প্রকাশিত ‘ডন’, ‘পাকিস্তান অবজারভার’ ও ‘ঢাকা টাইমস’-এ কাজ করতেন। ১৯৬৯ সালে তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত প্রেস সচিব হিসেবে ইউরোপ ও লন্ডন সফরে যান। ১৯৭০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হন। একাত্তরের ২৫ মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়ার পর বঙ্গবন্ধুর বিরুদ্ধে তাঁর বাবাকে সাক্ষ্য দিতে তত্কালীন পাকিস্তান সরকার পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়ে নির্যাতন করে। এভাবে দুই দফায় তাঁর বাবাকে সেখানে নিয়ে যাওয়া হলে তিনি বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না দেওয়ায় তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। একাত্তরের ১০ ডিসেম্বর রাত চারটায় তাঁদের বাসায় আলবদর বাহিনীর আট-দশ জন অস্ত্রধারী এসে জোরপূর্বক দরজা ভেঙে ফেলে ভেতরে প্রবেশ করলে তাঁর বাবা, মা, ভাই-বোনরা সবাই দোতলার সিঁড়িতে আশ্রয় নেন। ওই অস্ত্রধারীরা তাঁর বাবার নাম ধরে ডাকলে তাঁর বাবা নিচে নেমে এসে নিজের পরিচয় দেন। এরপর তাঁকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

রাষ্ট্রপক্ষের এ সাক্ষী বলেন, তিনি জেনেছেন, তাঁর বাবাকে অপহরণের আগে আলবদররা সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন ও আ ন ম গোলাম মোস্তফাকে অপহরণ করে। পরবর্তী সময় ১২ ডিসেম্বর সাংবাদিক নিজাম উদ্দিন, ১৩ ডিসেম্বর সেলিনা পারভীন, ১৪ ডিসেম্বর শহীদুল্লা কায়সার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষককে অপহরণ করে তারা। তাঁরা বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর বাবার লাশ পাননি।

স্বাধীনতার পর তাঁর মা ও চাচাদের কাছে সৈয়দ মর্তুজা নাজমুল শোনেন, তাঁরা বিভিন্ন পত্রিকা পড়ে জেনেছেন, একাত্তরে তাঁর বাবাসহ অন্য বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় ইসলামী ছাত্র সংঘের নেতা (জামায়াতের তত্কালীন ছাত্র সংগঠন) মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান সক্রিয়ভাবে জড়িত ছিলেন। এ ছাড়া সাংবাদিক আতাউস সামাদও তাঁকে একই কথা বলেন। জবানবন্দির শেষ পর্যায়ে তিনি তাঁর বাবাসহ অন্য বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের বিচার চান।

জবানবন্দি শেষে মর্তুজা নাজমুলকে জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই।

আইনজীবী মত (সাজেশন) দেন, মর্তুজার বাবার হত্যাকাণ্ডে চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন না, পাকিস্তানি সেনারা তাঁর বাবাকে হত্যার পরে লাশ গুম করেছে। জবাবে মর্তুজা নাজমুল বলেন, এটা সত্য নয়। জেরা শেষ হলে এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য কাল বুধবার দিন ধার্য করা হয়।