প্রতিযোগিতা, কুইজ, গণিত ধাঁধা, জাদু প্রদর্শন, আলোচনা সভা, ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ—এই জমজমাট আয়োজনের মধ্য দিয়ে গতকাল শুক্রবার দিনাজপুরে শেষ হয়েছে দুই দিনব্যাপী তৃতীয় দিনাজপুর গণিত উৎসব।উৎসবে দিনাজপুরের ১৩টি উপজেলার ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৫০ জন খুদে গণিতবিদ অংশ নেয়। এই প্রতিযোগিতা থেকে চারটি বিভাগে মোট ১৭৫ জন শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে উৎসবের আয়োজক দিনাজপুর সায়েন্স একাডেমি নভেম্বর মাসে মাসব্যাপী গণিত ক্যাম্পের আয়োজন করবে।গতকাল দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলরাম রায় এবং দিনাজপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি বিকাশ চন্দ্র সরকার বলেন, চার বছর ধরে একাডেমি গণিত উৎসবের আয়োজন করে আসছে। প্রথম আলো-ডাচ্ বাংলা ব্যাংক গণিত উৎসবের আঞ্চলিক ও জাতীয় প্রতিযোগিতায় দিনাজপুরের শিক্ষার্থীরা যেন ভালো করতে পারে সে লক্ষ্যে সায়েন্স একাডেমি এই আয়োজন করে থাকে।