'বুদ্ধিপ্রতিবন্ধী' নারীর হাতে সন্তান খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার এয়াতলংপাড়া গ্রামে গতকাল শনিবার এক নারী তাঁর শিশুসন্তানকে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে একমাত্র ছেলে মাঈন উদ্দিনকে (১০) দা দিয়ে গলা কেটে হত্যার পর রওশন আরা বেগম (৩০) পাশের বাড়িতে গিয়ে ঘটনাটি জানান। স্বামী ও প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে ওই নারীকে আটক করে।
প্রতিবেশীদের ভাষ্যমতে, রওশন আরা বুদ্ধিপ্রতিবন্ধী। তিনি প্রায় সময় অসংলগ্ন আচরণ করে থাকেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রকিব বলেন, রওশন আরা পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে বলেছেন, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলে আবদুর রহিমের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তিনি তাঁর আগের ঘরের সন্তান মাঈন উদ্দিনকে সঙ্গে নিয়ে আসেন। তাঁর মনে হয়েছে, তাঁর মৃত্যুর পর স্বামী ছেলেটিকে হয়তো ভালোভাবে দেখাশোনা করবেন না। এ আশঙ্কায় স্বামী বাড়ির বাইরে গেলে তিনি ছেলেকে গলা কেটে হত্যা করেন।
ওসি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি জানান, ওই নারীকে আসামি করে হত্যা মামলা হয়েছে।