পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পরই শুরু হয় কালবৈশাখী। ঝড়ের তাণ্ডবে ভাঙা টিনের চালের নড়বড়ে স্কুলঘরটি উড়ে যাওয়ার দশা। কিছু বুঝে ওঠার আগেই স্কুলঘরের টিনের চাল ছাত্রছাত্রীদের মাথার ওপর ভেঙে পড়ে। কিন্তু এর পরও প্রায় অক্ষত ছিল দুই শতাধিক ছাত্রছাত্রী। শুধু বুদ্ধির জোরে বড় বিপদ থেকে বেঁচে যায় তারা। নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাঘ ইউনিয়নের আবদুর রহিম উচ্চবিদ্যালয়ে গতকাল শনিবার ষষ্ঠ, অষ্টম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রথম সাময়িক পরীক্ষা চলছিল। এতে অংশ নিচ্ছিল দুই শতাধিক ছাত্রছাত্রী। ঝড়ের গতি বাড়তে থাকলে বেশির ভাগ ছাত্রছাত্রী শ্রেণীকক্ষের বেঞ্চের নিচে আশ্রয় নেয়। এর কিছুক্ষণের মধ্যেই স্কুলের টিনের চালটি ভেঙে পড়ে। বিদ্যালয়ের প্র্রধান শিক্ষক রাজেন্দ্র কুমার প্রথম আলোকে বলেন, সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে প্রচণ্ড ঝড়ে শিক্ষকদের বসার কক্ষ ছাড়া পুরো বিদ্যালয়ের টিনের ছাদ ভেঙে পড়ে। এতে ছাত্রছাত্রীরা টিনের চালের নিচে চাপা পড়ে। বেশির ভাগ ছাত্রছাত্রী বেঞ্চের নিচে আশ্রয় নেওয়ায় গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেনি। তবে বেশ কয়েকজন ছাত্রছাত্রী সামান্য আঘাত পেয়েছে। ঝড়ের পর বিধ্বস্ত স্কুলঘরের নিচে চাপা পড়া ছাত্রছাত্রীদের স্থানীয় বাসিন্দারা এসে উদ্ধার করে।কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে প্রথম আলোকে বলেন, ঝড়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি সম্পূর্ণ বিধ্বস্ত হলেও শিক্ষার্থীদের উপস্থিত বুদ্ধির কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে কয়েক শ ছাত্রছাত্রী। ঝড়ে আঘাত পাওয়া স্কুলটির কয়েকজন ছাত্রছাত্রীর পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে: ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আকলিমা আক্তার, হাসিনা হোসেন, জান্নাতুল ফেরদৌস, মাইমুনা আক্তার, সুমাইয়া আক্তার, সুমি আক্তার, এরশাদ হোসেন, শেখ রেহানা, অষ্টম শ্রেণীর মো. ইলিয়াস, সায়মা আক্তার, বিবি কুলসুম ও আমেনা আক্তার। আহত ছাত্রছাত্রীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এদিকে প্রায় একই সময় জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ও চর ফকিরা ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীতে চর কচ্ছপিয়া, দিয়ারাবালুয়া, গুচ্ছগ্রাম, ভূমিহীন মার্কেট, চরল্যাংটা ও বাদামতলী এলাকার দুই শতাধিক কাঁচাঘর বিধ্বস্ত এবং গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত করা হয়নি, তবে অসংখ্য কাঁচাঘর বিধ্বস্ত ও বিদ্যুৎ সরবরাহ লাইনের ক্ষতি হয়েছে। অন্যদিকে সুবর্ণচর উপজেলার চর আমানউল্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনায়েতউল্যা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ১০-১২ মিনিটের কালবৈশাখীতে চর আমানউল্যা উচ্চবিদ্যালয়সহ এলাকার শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত এবং গাছপালার ক্ষতি হয়েছে। ঝড় শুরু হলে শিক্ষার্থীরা দ্রুত পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয় ভবনে আশ্রয় নেওয়ায় তারা দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়। একই উপজেলার চরজুবলী ইউপির চেয়ারম্যান মো. হানিফ জানান, ঝড়ে ইউনিয়নের চরবাগ্গা, মধ্য ও দক্ষিণ বাগ্গা, চরমহিউদ্দিন ও চরজিয়াউদ্দিনের প্রায় শতাধিক কাঁচাঘর সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে।