'বৃক্ষমানব' আবুল ডান হাতে কাজ করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল বাজনদার
আবুল বাজনদার

‘বৃক্ষমানব’ আবুল বাজনদার হাতে কলম ধরে নিজের নাম লিখেছেন। গ্লাস ধরছেন। হাত দিয়ে সন্তানকে স্পর্শ করছেন। তাঁর চিকিৎসাও প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের একাধিক সদস্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়ার প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে।
বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়কারী অধ্যাপক সামন্তলাল সেন গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘বড় অস্ত্রোপচার শেষ, ছোট কিছু অস্ত্রোপচার বাকি আছে। এগুলো দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হবে। এরপর অনুমতি পাওয়া সাপেক্ষে আমরা আবুলকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করব। এসব শেষ হলে আবুল ছুটি পাবে।’
খুলনার পাইকগাছা উপজেলা সদরের আবুল বাজনদারকে চলতি বছরের ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ১০ বছর ধরে তাঁর হাতে ও পায়ে গাছের শিকড়ের মতো বৃদ্ধি পেতে থাকে। আবুল ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত বলে চিকিৎসকেরা শনাক্ত করেছিলেন। বিরল এই রোগটি ‘ট্রিম্যান’ (বৃক্ষমানব) সিনড্রোম নামে পরিচিত। তাঁর চিকিৎসায় ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ঢাকা মেডিকেল। ২০ ফেব্রুয়ারি তাঁর প্রথম অস্ত্রোপচার হয় ডান হাতে। সংশ্লিষ্ট চিকিৎসকেরা বলেছেন, এ পর্যন্ত দুই হাতে ১০টি ও দুই পায়ে ২টি বড় অস্ত্রোপচার হয়েছে। তাঁর চিকিৎসার সব খরচ বহন করছে সরকার।
গতকাল সকালে বার্ন ইউনিটে প্রথম আলোর সঙ্গে আবুল বাজনদারের কথা হয়। তাঁর বাঁ হাত ও পায়ে ব্যান্ডেজ। ডান হাত দেখিয়ে বলেন, ‘হাত অনেকটাই ভালো। কলম ধরতে পারি, আঙুল ভাঁজ করতে পারি।’ শিকড়ের মতো কেটে ফেলা কিছু জায়গায় নতুন চামড়া জন্মেছে। চিকিৎসকেরা তাঁকে বলেছেন, শিকড়ের মতো জিনিসগুলো আবার গজাবে কি না, তা তাঁরা নিশ্চিত নন। তিনিও শুনেছেন, তাঁকে দু-এক মাসের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। ছাড়ার আগে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হবে।
মেডিকেল বোর্ডের সদস্য বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ এম ইউ কবীর চৌধুরী বলেন, ‘ভর্তির সময় আবুলের আঙুল খুঁজে পাওয়া যায়নি। এখন পাঁচটি আঙুল স্পষ্ট। তিনবার পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়নি। সবকিছুই ইতিবাচক। বলা যায়, সে এখন ৯০ শতাংশ ভালো।’
বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক মো. আবুল কালাম বলেন, ‘আবুলের ডিএনএ বিশ্লেষণ শেষ হয়েছে। বিস্তারিত প্রতিবেদন এখনো পাইনি। বিদেশের আগের দুই রোগীর ডিএনএর সঙ্গে ওই ফল মেলানোর কাজ চলছে।’