'বৃষ্টি অইলে গাড়ি পানিতে ডুইবা যায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
বাঞ্ছারামপুর-হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের বাঞ্ছারামপুর উপজেলার ১২ কিলোমিটার অং​শ খানাখন্দে ভরা। ছবিটি গত শনিবার রাধানগর মাদ্রাসা এলাকা থেকে তোলা l প্রথম আলো
বাঞ্ছারামপুর-হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের বাঞ্ছারামপুর উপজেলার ১২ কিলোমিটার অং​শ খানাখন্দে ভরা। ছবিটি গত শনিবার রাধানগর মাদ্রাসা এলাকা থেকে তোলা l প্রথম আলো
দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন

ইট-সুরকি উঠে সৃষ্টি হয়েছে গর্ত। তার মধ্যে পানি। যেন পাকা সড়কের মধ্যে পুকুর। এর ওপর দিয়ে হেলেদুলে চলছে যানবাহন। বাঞ্ছারামপুর-হোমনা-গৌরীপুর আঞ্চলিক সড়কের বাঞ্ছারামপুর উপজেলার সাত কিলোমিটার অংশের অবস্থা বেহাল।

বাঞ্ছারামপুর-হোমনা-গৌরীপুর আঞ্চলিক সড়কটির দৈর্ঘ্য ৩০ কিলোমিটার। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার খানেক গাড়ি চলাচল করে। উপজেলা সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্র জানায়, ২০০১ সালে বাঞ্ছারামপুর-হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা হয়। আঞ্চলিক সড়কের ১৩ কিলোমিটার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর থেকে বাঞ্ছারামপুর সদর পর্যন্ত পড়েছে। ওই সড়কে কালিকাপুর বাজার এলাকা থেকে বুধাইরকান্দি এবং কৃষ্ণনগর থেকে বাঞ্ছারামপুর পর্যন্ত পাকা সড়কের অনেক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। উজানচর থেকে বাঞ্ছারামপুর পর্যন্ত চার কিলোমিটার সড়ক অসমতল হয়ে চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
সরেজমিনে গত বুধবার কালিকাপুর, বুধাইরকান্দি, কৃষ্ণনগর এলাকায় গিয়ে দেখা গেছে, কালিকাপুর মধ্যপাড়ায় রাস্তার ওপর অন্তত ৫০ ফুটজুড়ে কয়েকটি বড় গর্ত। রাধানগরের সাদ্দাম বাজার থেকে মাদ্রাসার মোড় ও রাধানগর থেকে বুধাইরকান্দি মধ্যপাড়া পর্যন্ত ছোট-বড় অসংখ্য গর্ত রয়েছে।
রাধানগর এলাকার বাসিন্দা মোশারফ হোসেন বলেন, দুই বছর আগে রাস্তাটির রাধানগর অংশে সংস্কার করা হয়েছিল। সংস্কারের তিন মাস পরেই রাস্তায় পানি জমে বড় গর্তের সৃষ্টি হয়েছে। দেড় বছর ধরে রাস্তাটি ভাঙা অবস্থায় রয়েছে।
কৃষ্ণনগর থেকে উজানচর-বাঞ্ছারামপুর পর্যন্ত সড়কে পিচ উঠে রাস্তা এবড়োখেবড়ো হয়ে গেছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় উজানচর থেকে বাঞ্ছারামপুর পর্যন্ত সড়কের দুই পাশ ঢালু হয়ে গেছে। রাধানগর-কালিকাপুর এলাকায় রাস্তার গর্তে বৃষ্টির পানি জমে তাতে গাড়ির চাকা ডুবে যায় বলে জানান এলাকাবাসী।
অটোরিকশাচালক ইমান হোসেন বলেন, ‘বাঞ্ছারামপুর থেইক্কা হোমনা পর্যন্ত রাস্তায় একটু পরপরই গর্তের কারণে গাড়ি চালাইতে অনেক অসুবিধা হয়। রাধানগর-কালিকাপুর এলাকায় রাস্তার অবস্থা এতই খারাপ যে বৃষ্টি অইলে গাড়ি পানিতে ডুইবা যায়।’
বাঞ্ছারামপুর উপজেলা সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. ফায়জুর রহমান বলেন, কালিকাপুর, রাধানগর ও বুধাইরকান্দি এলাকায় কিছু কিছু অংশে রাস্তা খারাপ হয়ে পড়েছে। ১৫ লাখ টাকা বরাদ্দ হয়েছে। এই টাকায় কিছু জায়গায় মেরামত করা যাবে। বড় অংশে মেরামত করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। অনুমোদন পেলে কাজ করা হবে।