‘বৃষ্টিতে ভিজে আর পত্রিকা বিলি করতে হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আগে এক হাতে ছাতা, আরেক হাতে বাইসাইকেলের ব্রেক ধরতাম। কখনো ছাতা উল্টে গিয়ে বৃষ্টিতে নিজে তো ভিজে যেতাম, আবার পত্রিকাও ভিজে যেত। এভাবেই ১০ বছর ধরে ঝড়-বৃষ্টির মধ্যে পত্রিকা বিলি করে আসছি। প্রথম আলোর রেইনকোট পেয়ে বৃষ্টিতে ভিজে আর পত্রিকা বিলি করতে হবে না।’কথাগুলো সোহেল খানের। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধানদৈল গ্রামের এই সংবাদপত্র বিক্রয়কর্মী প্রথম আলোর দেওয়া রেইনকোট পেয়ে এভাবেই তাঁর অভিব্যক্তি প্রকাশ করেন। শুধু কুমিল্লা নয়, গতকাল রোববার হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় মোট ১২৯ জনকে প্রথম আলোর উদ্যোগে রেইনকোট দেওয়া হয়েছে। আজ সোমবার একইভাবে আরও বেশ কয়েকটি স্থানে সংবাদপত্র বিক্রয়কর্মীদের রেইনকোট দেওয়া হবে।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুমিল্লা: কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণপাড়া, লাকসামের মুদাফফরগঞ্জ ও সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীর ২২ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। বুড়িচং নিউজ স্টোরের সামনে বিকেলে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ১০ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এ সময় প্রথম আলো কুমিল্লার নিজস্ব প্রতিবেদক গাজীউল হক, সার্কুলেশন বিভাগের বিক্রয় ব্যবস্থাপক মো. আমিরুল হক, প্রথম আলোর কুমিল্লা অঞ্চলের বিক্রয় ও বিপণন কর্মকর্তা আতিকুর রহমান, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি আমিনুল হক ও স্থানীয় সংবাদপত্র এজেন্ট আবদুর রশিদ উপস্থিত ছিলেন। সন্ধ্যা ছয়টায় লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে আটজন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এ সময় প্রথম আলোর শাহরাস্তি প্রতিনিধি আবুল কালাম আজাদ, বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় সংবাদপত্র এজেন্ট কালাম মোল্লা উপস্থিত ছিলেন। সন্ধ্যা সোয়া সাতটায় দেওয়া হয় সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীতে চারজন বিক্রয়কর্মীকে। এ সময় প্রথম আলোর বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তা এবং সুয়াগাজীর এজেন্ট আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।হবিগঞ্জ: হবিগঞ্জ সদর, বানিয়াচং, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলার ৬৫ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। দুপুরে হবিগঞ্জ শহরে ২৮ জন বিক্রয়কর্মীর মধ্যে রেইনকোট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান, স্থানীয় সংবাদপত্র এজেন্ট পার্থ সারথি রায় ও মো. লায়েছ মিয়া।এর আগে বানিয়াচং উপজেলা সদরে সংবাদপত্র এজেন্ট হাবিবুর রহমানের ছয়জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এ সময় প্রথম আলোর বিতরণ বিভাগের কর্মকর্তা ছাড়াও বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া ও সংবাদপত্র এজেন্ট হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া শায়েস্তাগঞ্জে ২২ জন ও মাধবপুরে নয়জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে শায়েস্তাগঞ্জের সংবাদপত্র এজেন্ট মাসুম আহমেদ ও হিরেন্দ্র মিত্র এবং মাধবপুর প্রতিনিধি জামাল আবু নাছের ও সংবাদপত্র এজেন্ট সুখ লাল দেবনাথ উপস্থিত ছিলেন।ভৈরব (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ৩৭ জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। সকালে প্রথম আলোর ভৈরব আঞ্চলিক কার্যালয়ে ১৫ জনকে রেইনকোট বিতরণকালে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্ল্ল্লা, ময়মনসিংহের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবুল বাশার, বিক্রয় কর্মকর্তা মো. আব্দুল্ল্ল্লাহহেল রাফি, সংবাদপত্র এজেন্ট মো. শহীদুল্লাহ, মুখলেছুর রহমান, আজিজুর রহমান ও বুলবুল রহমান উপস্থিত ছিলেন। বিকেলে আশুগঞ্জে নয়জন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়। এ সময় সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক পিনাক রঞ্জন দেবনাথ, বিতরণ বিভাগের মো. গোলাম আরিফ ও সংবাদপত্র এজেন্ট মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। কুলিয়ারচরে রেইনকোট দেওয়া হয় ১৩ জন বিক্রয়কর্মীকে। এ সময় সংবাদপত্র এজেন্ট অনিল চন্দ্র সাহা বলেন, ‘হকারদের নিয়ে ভাবার লোক থাকতে পারে, এমনটা ভাবিনি। প্রথম আলোর এই উদ্যোগ হকারদের কিছুটা হলেও দুর্ভোগ দূর করবে।’ সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইলে পাঁচজন বিক্রয়কর্মীকে রেইনকোট দেওয়া হয়েছে। বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রথম আলোর সরাইল প্রতিনিধি মো. বদর উদ্দিন ও স্থানীয় সংবাদপত্র এজেন্ট মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন। রেইনকোট পেয়ে বিক্রয়কর্মী আমিরুল বক্স (২৩) বলেন, ‘প্রথম আলো পত্রিকা রেইনকোট দিছে। এখন থেকে পাঁচ কপি বেশি প্রথম আলো বিক্রি করব।’