
‘বর্তমান ভবনে বৃষ্টির সময় ছাদ চুইয়ে অনর্গল পানি পড়ে। মাথায় ছাতা দিয়েও নিজ চেয়ারে বসা যায় না। এমতাবস্থায় দলিল রেজিস্ট্রির মতো গুরুত্বপূর্ণ কাজ ও দাপ্তরিক কার্য পরিচালনা অসম্ভব হইয়া পড়িয়াছে।’
পরিত্যক্ত ঘোষিত ভবন থেকে কার্যালয় স্থানান্তরের আবেদন জানিয়ে মহাপরিদর্শক, নিবন্ধনকে লেখা চিঠিতে কথাগুলো লিখেছেন ফেনীর দাগনভূঞা উপজেলার সাব-রেজিস্ট্রার।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের ছাদের বিভিন্ন অংশে পলেস্তারা খসে পড়েছে। কার্যালয়ের ভেতরে শৌচাগারের দরজা-জানালা ভাঙা। ভবনের ছাদ ও দেয়ালের বিভিন্ন অংশে শেওলা পড়েছে।
কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, একদিন বৃষ্টি হলে ছাদের পানি চুইয়ে পড়ে কয়েক দিন। এতে পানি জমে যায় মেঝেতে।
সূত্র জানায়, ১৯০৮ সালে দাগভূঞা সদর বাজারে একটি টিনের ভাড়া ঘরে নিবন্ধন কার্যালয়ের যাত্রা শুরু হয়। দীর্ঘদিন পর আরেকটি টিনের ঘরে কার্যালয়টি স্থানান্তর করা হয়। ১৯৮৮ সাল থেকে কিছু সময় একটি সরকারি ভবনে চলে অফিসের কার্যক্রম। ১৯৯১ সালে অব্যবহৃত উপজেলা আদালত ভবনে কার্যালয়টি স্থানান্তর করা হয়। ভবনটির চারটি কক্ষ বরাদ্দ দেওয়া হয় দলিল নিবন্ধন কার্যালয়কে। ভবনটি ১৯৮৫ সালে নির্মাণ করা হলেও এটি এরই মধ্যে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
গত বছরের ১৩ আগস্ট গণপূর্ত বিভাগের ফেনীর নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করে বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানান। গত ২০ জুলাই ভবনের সর্বশেষ অবস্থা বর্ণনা করে কার্যালয়টি অন্যত্র সরিয়ে নিতে মহাপরিদর্শক, নিবন্ধন বরাবর আবেদন করেন সাব-রেজিস্ট্রার।
কয়েকজন নকলনবিশ বলেন, আর্দ্রতার কারণে বালাম বইগুলো লেখার অনুপযোগী হয়ে পড়েছে। বালাম বইতে লিখতে কষ্ট হয়। তা ছাড়া কখন পলেস্তারা খসে মাথায় পড়ে, সেই ভয়ে থাকতে হয়।
কয়েকজন দলিল লেখক বলেন, বৃষ্টি হলেই মেঝেতে পানি জমে থাকে। তখন কার্যালয়ের বারান্দায় বসেও কাজ করা যায় না।
সাব-রেজিস্ট্রার পারভীন আক্তার বলেন, বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। কার্যালয়ের দূরবস্থার বিষয়টি মহাপরিদর্শক, নিবন্ধনকে লিখিতভাবে জানানো হয়েছে।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম বলেন, তিনি নিজে ওই কার্যালয়ের ছাদ চুইয়ে পানি পড়তে দেখেছেন।
দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবীর বলেন, সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের বিষয়ে একাধিকবার উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা হয়েছে। তিনি বলেন, নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত কার্যালয়টি অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আর্দ্রতার কারণে দলিল নষ্ট হয়ে যাবে।