বাংলাদেশ থেকে লোকজনকে বের করে দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে তাদের ঠেলে দেওয়ার প্রক্রিয়া থেকেই ‘বৃহত্তর বাংলাদেশ’-এর ‘ভয়ানক ধারণা’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের রাজ্যসভায় বিজেপিদলীয় সদস্য চন্দন মিত্র।
গত শনিবার ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের রিনজায় স্থানীয় একটি বিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসবে ‘উত্তর-পূর্ব ভারতে বিদেশী প্রসঙ্গ: সমস্যা সমাধানের প্রত্যাশায়’ বিষয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে এমন অনেক গোষ্ঠী আছে যারা ধর্মীয়, সাংস্কৃতিক ও জাতিগত সংখ্যালঘুদের ঠেলে ভারতে পাঠিয়ে দিতে চায়। তারাই আবার উত্তর-পূর্ব ভারতে এসব জাতিগোষ্ঠীর মানুষের অভিবাসনকে উৎসাহিত করে।
তিনি উইকিলিকস থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে বলেন, ভারতে তিন লাখ ২৬ হাজার বাংলাদেশি নাগরিক আছে। তবে বেসরকারিভাবে এই সংখ্যা প্রায় চার কোটি।
ভারতে অভিবাসীদের প্রতিরোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভারত ধর্মশালা নয়, হতে পারে না। অভিবাসন বন্ধ করলেই জাতিসত্তা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করা সম্ভব।’
ধর্মের ভিত্তিতে ভারত-পাকিস্তানের বিভক্তিকে তিনি ‘বড় ভুল’ বলে মন্তব্য করেন।