'বে টার্মিনাল' প্রকল্পের ধীরগতিতে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্য আমদানি-রপ্তানি বাড়তে থাকায় বন্দরের প্রস্তাবিত ‘বে টার্মিনাল’ দ্রুত নির্মাণের তাগিদ দিয়েছেন চট্টগ্রামের পাঁচজন সাংসদ, মেয়র ও ব্যবসায়ী নেতারা। এই টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে বলে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। গতকাল শনিবার বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটির সভায় তাঁরা বন্দরের সক্ষমতা বাড়াতে ‘বে টার্মিনাল’ নির্মাণের ওপর গুরুত্ব দেন।
ব্যবহারকারী ও জনপ্রতিনিধিদের দাবির মুখে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এই প্রকল্প মন্ত্রণালয়ের ‘ফাস্ট ট্র্যাকভুক্ত’ করার ঘোষণা দেন। তিন মাসের মধ্যে পরবর্তী উপদেষ্টা কমিটির সভায় এই প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হবে বলে জানান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল। সর্বশেষ উপদেষ্টা কমিটির সভা হয়েছিল ২০১৪ সালের ২৩ ডিসেম্বর।
অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান প্রস্তাবিত বে টার্মিনাল প্রকল্পের অগ্রগতি তুলে ধরে বলেন, পতেঙ্গা এলাকায় এই টার্মিনাল নির্মাণের জন্য ৯০৭ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। এই প্রকল্পের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনাপত্তি পেতে ১৮ মাস সময় লেগেছে। এখন পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্রের জন্য প্রক্রিয়া চলছে। সম্ভাব্যতা সমীক্ষার কাজ শিগগিরই শুরু হবে। প্রায় ৮০০ থেকে ১০০০ মিটার প্রশস্ত ও ১২ থেকে ১৩ মিটার গভীর চ্যানেলের সুবিধা থাকবে এই টার্মিনালে। পর্যায়ক্রমে কনটেইনার, পণ্য ওঠানো-নামানোর সুযোগ থাকবে। ২০২৩ সালে এই টার্মিনালের প্রথম পর্যায়ের দেড় হাজার মিটার জেটি নির্মাণকাজ শেষ হবে।
চট্টগ্রামের সাংসদ ও জাতীয় পার্টির নেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, চট্টগ্রামের স্বার্থে নয়, বাংলাদেশের স্বার্থের জন্য চট্টগ্রাম বন্দর সম্প্রসারণ করতে হবে। যেভাবে আমদানি-রপ্তানি বাড়ছে, তাতে বে টার্মিনাল নির্মাণে অগ্রাধিকার দেওয়া উচিত।
সাংসদ শামসুল হক চৌধুরী বলেন, বন্দরের সক্ষমতা বাড়াতে বে টার্মিনালের বিকল্প নেই। পরিবেশের ছাড়পত্রের জন্য চার-পাঁচ মাস সময় কেন লাগবে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, ‘দুই বছর ধরে বে টার্মিনালের কথা শুনছি। এটি তো সরকারের প্রকল্প। তাহলে দেরি হবে কেন? আপনারা কবে উদ্বোধন করবেন, কীভাবে করবেন সেটা বলুন। ২০২৩ সালে অনেকে বাঁচবে না।’
সাংসদ নজরুল ইসলাম বলেন, প্রস্তাবিত বে টার্মিনালে প্রকৃতিগতভাবে বন্দরের সুযোগ-সুবিধা আছে। এটি দ্রুত নির্মাণ করা হোক।
সাংসদ মঈন উদ্দীন খান বাদল বলেন, বে টার্মিনাল নির্মাণের বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিত। কারণ, চট্টগ্রামের প্রকল্পগুলো ফাস্ট ট্র্যাকভুক্ত হলেও শেষ পর্যন্ত ট্র্যাকে থাকে না।
চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বে টার্মিনাল নির্মাণ প্রকল্পের জন্য সময় বেঁধে লক্ষ্য ঠিক করতে হবে। না হলে দ্রুতগতিতে কাজ শেষ করা যাবে না।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সহসভাপতি মাহবুবুল আলম বলেন, বে টার্মিনাল নির্মাণের জন্য কত দিনে কী কাজ করতে হবে, তা নির্দিষ্ট করুন।
বিকেএমইএর সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, পোশাকশিল্পের কাঁচামাল আমদানি ও প্রস্তত পণ্য রপ্তানি প্রতিনিয়ত বাড়ছে। সে জন্য সক্ষমতা না বাড়ালে সামনে এসব পণ্য পরিবহন সম্ভব হবে না।
সভায় বন্দরের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের কাজের অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ব্যবহারকারীরা। বন্ধ থাকা এই প্রকল্পের খননকাজ নতুন করে শুরু করার জন্য বন্দরকে তাগিদ দেন ব্যবহারকারীরা।
মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান বলেন, ‘বন্দরের ভেতর জটের কারণে এখন গাড়ি নিয়ে ঢুকলে ছয় ঘণ্টা বসে থাকতে হয়। তাহলে কীভাবে গতিশীল হবে এই বন্দর? আপনারা নিজের চোখে জেটিতে গিয়ে দেখুন।’
অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।
দুই সাংসদের বাগ্বিতণ্ডা: সভার শেষ দিকে সাংসদ মঈন উদ্দীন খান বাদল ভারতের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠীর তত্ত্বাবধানে বন্দরে একটি বিশেষায়িত হাসপাতালের অগ্রগতির বিষয়ে নৌমন্ত্রীর কাছে জানতে চান। কথা শেষ না হতেই সাংসদ শামসুল হক চৌধুরী উচ্চ স্বরে বলতে থাকেন, ‘এটা হবে না, হবে না, নো নো’। সাংসদ মঈন উদ্দীন খানও উচ্চ স্বরে বলতে থাকেন, ‘আমাকে বলতে দেন। আপনি নরমাল (স্বাভাবিক) হোন। আমি তো মন্ত্রীর কাছে প্রশ্ন করেছি।’ পরে নৌমন্ত্রী দুজনকে শান্ত করেন।
পরে আবার কথা বলার সুযোগ পেয়ে সাংসদ বাদল বলেন, ‘মনে হচ্ছে উনি (শামসুল হক চৌধুরী) এই মিটিং প্রিসাইড করছেন? আমি বলছি, বন্দরে বঙ্গবন্ধু হার্ট হসপিটাল নামে একটি হাসপাতাল করার ব্যাপারে সই হয়েছিল। সেটার কী অবস্থা, জানতে চাই। এটা বলে কি আমি দোষী হলাম?’