'বেঁচে আছি শুধু বিচারের আশায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহবুবর রহমান বাপ্পী
মাহবুবর রহমান বাপ্পী

যেদিন আমার বাপ্পী মারা গেছে, সেদিনই মরে গেছি। এখন বেঁচে আছি শুধু বিচারের আশায়—এই আকুতি ছেলেহারা মা জেসমিন আক্তারের। ২০১৩ সালের ১০ নভেম্বর রাতে চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদের পুরান বিওসি এলাকায় তাঁর ছেলে মাহবুবর রহমান ওরফে বাপ্পীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। বাপ্পী লোহাগাড়া উপজেলার বার আউলিয়া কলেজের ছাত্রলীগের সভাপতি ছিলেন। তাঁর বাড়ি পুরান বিওসি এলাকায়।
হত্যাকাণ্ডের পরদিন জেসমিন আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা করেন। এর এক বছর পর এজাহারভুক্ত আসামি শাহাদাত হোসেন ওরফে রুবেল এবং দেড় বছর পর মোরশেদুল আলম ওরফে নিবিলকে গ্রেপ্তার করে পুলিশ। নিবিল লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য, রুবেল যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এই মামলায় রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর নিবিল জামিনে রয়েছেন।
আসামিদের গ্রেপ্তারে গত ৮ ফেব্রুয়ারি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বরাবর পাঠানো এক আবেদনে জেসমিন আক্তার উল্লেখ করেন, এজাহারভুক্ত কয়েকজন আসামি এলাকায় থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। এ ছাড়া বিভিন্ন সময় তাঁকে ও তাঁর আরেক ছেলেকে হুমকি দিয়েছে আসামিপক্ষের লোকজন। আওয়ামী লীগের কিছু নেতা আসামিদের না ধরতে তদবির করছেন বলেও তিনি অভিযোগ করেন।
তবে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, বাপ্পী হত্যা মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। বাপ্পীর পরিবারকে কেউ হুমকি দিয়ে থাকলে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আদালতে দেওয়া জবানবন্দিতে শাহাদাত হোসেন ওরফে রুবেল বলেছেন, বালু ব্যবসার বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যার পরিকল্পনা হয় বাদশা খালেদের বাড়িতে। সেখানে রুবেল, নিবিল, হিরু, শাহাদাত, শাহজাহান, আরমান ও আনিছ উপস্থিত ছিল।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিদুয়ানুল হক বলেন, বাদশা খালেদ ও রুবেল যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
জানতে চাইলে অভিযুক্ত আসামি বাদশা খালেদ মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি বাপ্পী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন।
আসামিদের গ্রেপ্তার না করতে দলের নেতাদের কেউ কেউ তদবির করছেন, এমন অভিযোগের বিষয়ে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী বলেন, ‘এ হত্যাকাণ্ডে জড়িতদের পক্ষে কেউ তদবির করছে বলে আমার জানা নেই। আমরা বাপ্পী হত্যার সুষ্ঠু বিচার চাই। বাপ্পীর মা জেসমিন আক্তারকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি যুবলীগ বা ছাত্রলীগের কেউ এ ঘটনায় দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে চট্টগ্রামের সিআইডির পরিদর্শক মো. মঞ্জুর কাদের প্রথম আলোকে বলেন, যারাই হত্যাকাণ্ডে জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। শিগগিরই এ মামলায় অভিযোগপত্র দেওয়া হবে।