
‘সকালে ঘুম থেকে উঠে সৈকতে দাঁড়িয়ে থাকি। এদিক-ওদিক খোঁজ করি, কিছু ভেসে এল কি না। বিকেলে আবার আসি। সাগর থেকে ফিরে আসা ট্রলারের জেলেদের সঙ্গে কথা বলি। কিন্তু নিখোঁজ স্বামীর সন্ধান কেউ দিতে পারে না। বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও জানি না।’
কক্সবাজার সৈকতের নাজিরারটেক এলাকায় গত বৃহস্পতিবার বিকেলে চোখের পানি মুছতে মুছতে কথাগুলো বলছিলেন গৃহবধূ আমেনা খাতুন। তিনি কক্সবাজার পৌরসভার কুতুবদিয়াপাড়ার বাসিন্দা। ৭ নভেম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নিখোঁজ হন কক্সবাজারের ৭৬ জন জেলে। এর মধ্যে রয়েছেন আমেনা খাতুনের স্বামী সিরাজুল ইসলামও।
আমেনা খাতুন (৩৮) বলেন, ‘ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়ার সময় স্বামী ৪০০ টাকা ও ১২ কেজি চাল দিয়ে গিয়েছিলেন। গত মঙ্গলবার তার সবটুকু শেষ হয়ে গেছে। কয়েক দিন ধরে ছেলেমেয়েরা খেতে পারছে না। সন্তানেরাও সারাক্ষণ বাবার জন্য কান্নাকাটি করছে। তিনি বেঁচে আছেন কি না জানি না।’
দেখা গেছে, আমেনা খাতুনের মতো আরও ১০-১২ জন নারী-পুরুষ নাজিরারটেক সৈকতে স্বজনের জন্য আহাজারি করছেন। তাঁদের কারও স্বামী, কারও ভাই, কারও ছেলে নিখোঁজ রয়েছে।
আরেফা বেগম নামের এক গৃহবধূ বলেন, তাঁর স্বামী মমতাজও নিখোঁজ হয়েছেন ১০ দিন আগে। অথচ এখন পর্যন্ত কোনো খোঁজ মিলছে না। স্বামী না থাকায় সংসার চালাতে কষ্ট হচ্ছে।
কক্সবাজার বোট মালিক সমিতি সূত্র জানায়, গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঝোড়ো হাওয়ায় কক্সবাজারের ছয়টি ট্রলারসহ ১৫০ জেলে নিখোঁজ হন। এর মধ্যে তিনটি ট্রলারের ৭৪ জন জেলেকে নৌবাহিনী ও স্থানীয় জেলেরা উদ্ধার করলেও অপর তিনটি ট্রলারের (এফবি রেশমি, এফবি সাজ্জাদ ও এফবি জাইস উদ্দিন) ৭৬ জেলের সন্ধান মিলছে না। এর মধ্যে এফবি রেশমিতে জেলে আছেন ২৬, এফবি সাজ্জাদে ২৭ ও এফবি জাইস উদ্দিনে ২৩ জন। তঁারা সবাই কক্সবাজার পৌরসভার সমিতিরপাড়া, কুতুবদিয়াপাড়া ও নাজিরারটেকের বাসিন্দা।
এফবি সাজ্জাদ ট্রলারের মালিক ও কক্সবাজার শহরের নুনিয়াছটা এলাকার বাসিন্দা কামাল হোসাইন বলেন, তাঁর ট্রলারটি ২৭ জন জেলে নিয়ে সাগরের সেন্ট মার্টিন অংশে ছিল। ট্রলারটি ঝোড়ো হাওয়ায় ভেসে মিয়ানমারের আকিয়াব উপকূলের দিকে চলে গেছে। এ সময় সেখানকার নৌবাহিনী ২৭ জেলেসহ ট্রলারটি মিয়ানমারের দিকে নিয়ে যেতে দেখেছে। কিন্তু মিয়ানমারের আরাকান রাজ্যে এখন সেনাবাহিনীর বিশেষ অভিযান চলায় পরিস্থিতি অশান্ত। তাই বাংলাদেশি জেলেদের ব্যাপারে খোঁজখবর নেওয়া সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, বাংলাদেশি আরও জেলে মিয়ানমারে ভেসে গেছে বলে জেলেরা জানিয়েছেন। বিষয়টি তিনি কক্সবাজার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করেছেন।
এফবি সাজ্জাদের নিখোঁজ জেলে মো. ইউনুসের বাবা শহরের সমিতিপাড়ার বাসিন্দা নুরুচ্ছাফা (৫৫) বলেন, ‘১০ দিন ধরে ছেলেটা (ইউনুস) নিখোঁজ। বেঁচে আছে কি না তাও জানতে পারছি না। কেউ বলছে মিয়ানমারে আটকা পড়েছে, কেউ বলছে ট্রলারডুবিতে মারা গেছে। এক বছরের একটি সন্তান নিয়ে ছেলের স্ত্রী কান্নাকাটি করছে।’
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, নিখোঁজ ৭৬ জেলে মিয়ানমারে আছে কি না তার খবর জানতে জেলা প্রশাসনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। অন্যদিকে নৌবাহিনীর মাধ্যমে বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। নৌবাহিনী মহেশখালীর ধলঘাটা উপকূলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১২ জেলেকে উদ্ধার করে প্রাণে বাঁচিয়েছে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারের ব্যাপারে ট্রলার–মালিকেরা প্রশাসনের সহযোগিতা চেয়ে আবেদন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মিয়ানমারের কাছে চিঠি পাঠানো হচ্ছে।