'বেঁধেছি প্রাণেতে প্রাণ গেয়ে জীবনের জয়গান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষক সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের ১৯৮৮ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান। গতকাল শুক্রবার কলেজের মিলনায়তনে এ আয়োজনকে ঘিরে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা বসে।

‘বেঁধেছি প্রাণেতে প্রাণ, গেয়ে জীবনের জয়গান’ স্লোগানে ‘সতীর্থ-৮৮’ আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে ১২ জন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন প্রাক্তন প্রধান শিক্ষক এ কে মাহমুদুল হক, প্রাক্তন শিক্ষক উপেন্দ্র লাল দাশ গুপ্ত, নরেশ চন্দ্র দাশ, মিলন কান্তি রায় চৌধুরী, সলিল বিহারী বড়ুয়া, অমর বড়ুয়া, রামমোহন দাশ, মৌলানা আবু সাঈদ নূরী, মৌলানা শাহাবউদ্দিন, রফিকুল কাদের চৌধুরী (মরণোত্তর), শশাঙ্ক মোহন শীল (মরণোত্তর) ও দুলাল চন্দ্র দাশ (মরণোত্তর)।

গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠানের ফলে সবার মধ্যে ভাববিনিময়ের সুযোগ তৈরি হয়। এর মাধ্যমে বন্ধুরা নিজেদের মধ্যে সুখ-দুঃখের কথা বিনিময় করতে পারেন। তিনি বলেন, সবাই যদি দেশপ্রেমের পরিচয় দিতে পারে, তাহলে দেশ ও সমাজ এগিয়ে যাবে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও মতভিন্নতা থাকতে পারে কিন্তু দেশটা সবার। তাই সবাইকে দায়িত্ববোধের পরিচয় দিতে হবে।

সতীর্থ-৮৮-এর আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি করপোরেশনের কাউন্সিলর জহর লাল হাজারী ও সাবেক কাউন্সিলর বিজয় কৃষাণ চৌধুরী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজিয়া আখতার, প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক এ কে মাহমুদুল হক প্রমুখ।