'বেগম রোকেয়ার আন্দোলনের ঢেউকে বাস্তবায়ন করেন শামসুন নাহার মাহমুদ'
বেগম রোকেয়া মুসলিম বাঙালি নারীদের মধ্যে যে আন্দোলন ও নবজাগরণের উন্মেষ ঘটিয়েছিলেন, শামসুন নাহার মাহমুদ সেই জাগরণের মশাল এগিয়ে নিয়ে চলেন। মুসলিম নারীদের জন্য বেগম রোকেয়ার যে মুক্তির বাণী-আন্দোলন, সেই আন্দোলনের ঢেউকে শামসুন নাহার বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে ‘মন্দাক্রান্তা ছন্দে বঙ্গনারীর সংস্কৃতিচর্চা’ শীর্ষক এক স্মারক বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চেয়ার অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায় এ কথা বলেন। গত রোববার রাতে ‘শামসুন নাহার মাহমুদ ফাউন্ডেশন স্বর্ণপদক ও বৃত্তি, প্রভোস্ট বৃত্তি এবং বার্ষিক সাহিত্য-সংস্কৃতি ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই বক্তৃতা দেন। হল মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদ তুলে দেন। এ বছর শামসুন নাহার মাহমুদ ফাউন্ডেশনের স্বর্ণপদক পেয়েছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের ছাত্রী তনুশ্রী দেব নাথ। এ ছাড়া সাতজনকে মেধাবৃত্তি ও পাঁচজনকে সাধারণ বৃত্তি দেওয়া হয়। এককালীন বই সাহায্য বৃত্তি পেয়েছেন তিনজন। ছয়জন পেয়েছেন প্রভোস্ট বৃত্তি, একজনকে দৃষ্টিপ্রতিবন্ধী বৃত্তি দেওয়া হয়।