'বেতন কাঠামোয় জাতীয় অধ্যাপকদের অপমান করা হয়েছে'
অষ্টম জাতীয় বেতন কাঠামোতে জাতীয় অধ্যাপকদের জ্যেষ্ঠ সচিবদের পর্যায়ে অন্তর্ভুক্ত করার মাধ্যমে কার্যত তাঁদের (জাতীয় অধ্যাপক) অপমান করা হয়েছে বলে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ রোববার সমিতির কার্যকর পরিষদের এক জরুরি সভায় এটা উল্লেখ করা হয়। বলা হয়, এ সিদ্ধান্ত অর্থমন্ত্রীর কথারও বরখেলাপ।
সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এএসএম মাকসুদ কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান অবস্থায় অষ্টম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়িত হলে সপ্তম জাতীয় বেতন কাঠামোর তুলনায় গ্রেড-১ প্রাপ্ত শিক্ষকদের সংখ্যা অর্ধেক কিংবা তারও নিচে নেমে যাবে। উপরন্তু গ্রেড-১ প্রাপ্ত শিক্ষকদের থেকে সুপার গ্রেডের দ্বিতীয় ধাপে যাওয়ার কোনো সুযোগ ও নির্দেশনা এই গেজেটে কিংবা অন্য কোনো পরিপত্রে এখন পর্যন্ত দেখা যায়নি। এ ছাড়া জাতীয় অধ্যাপকদের জ্যেষ্ঠ সচিবদের পর্যায় এনে এই বরেণ্য ব্যক্তিদের যেমন অপমান করা হয়েছে, অন্যদিকে তাঁদের পে-রুলে আনার এই প্রচেষ্টার মধ্য দিয়ে জাতীয় বেতন কাঠামোকে করা হয়েছে বিতর্কিত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় অধ্যাপকদের বিশ্ববিদ্যালয় মনোনয়ন দেয় না বা তাঁরা সরাসরি বিশ্ববিদ্যালয়ে পাঠদানের সঙ্গেও যুক্ত নন। দেশে পাঁচজন জাতীয় অধ্যাপক আছেন, তাঁরা সবার ওপরে দেশ-বরেণ্য ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। এমতাবস্থায় তাঁদের এই বেতন কাঠামোতে অন্তর্ভুক্তি অনাকাঙ্ক্ষিত ও জাতির জন্য লজ্জাজনক।