'বেতনবৈষম্যে'র নিরসন চান স্বাস্থ্য সহকারীরা
স্বাস্থ্য সহকারীদের পদ উন্নীতকরণের মাধ্যমে বিদ্যমান ‘বেতনবৈষম্য’ দূর করাসহ ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স চালুর দাবিতে গতকাল শুক্রবার রংপুর, সিলেট, বরিশাল ও রাজশাহীতে সমাবেশ হয়েছে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটিগুলোর আয়োজনে এসব সমাবেশ হয়।
সমাবেশে স্বাস্থ্য সহকারীরা বলেন, তাঁরা প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা দেন। কিন্তু তাঁদের মর্যাদা দেওয়া হচ্ছে না। কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবা দেওয়ার মতো পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। অনেক এলাকায় যোগাযোগব্যবস্থাও ভালো নয়। সেবার মান বাড়াতে কমিউনিটি ক্লিনিকগুলোকে আরও মানসম্পন্ন করে গড়ে তুলতে হবে। এ জন্য দরকার স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদাসহ আলাদা বেতনকাঠামো।
জবাবে সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা এসব সমাবেশে উপস্থিত থেকে বলেন, সরকার প্রতিটি মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে, সেখানে স্বাস্থ্য সহকারীদের কর্মসংস্থান হয়েছে। আরও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তাঁরা বলেন, এসব কমিউনিটি ক্লিনিকে নিবেদিতভাবে কাজ করে আসছেন স্বাস্থ্য সহকারীরা। পর্যায়ক্রমে তাঁদের দাবিগুলো বিবেচনা করে পূরণ করবে সরকার।
রংপুরে সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি জুলফিকার আলী। প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ। এ ছাড়া ছিলেন মেয়র সরফুদ্দীন আহমেদ, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আনিসুর রহমান, উপপরিচালক মোজাম্মেল হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল ও আয়োজক সংগঠনের মহাসচিব মাহফুজার রহমান।
বরিশালের সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সমাবেশে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের বিভাগীয় সভাপতি মো. জিয়াউল হাসান। বক্তব্য দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিনয় কৃষ্ণ বিশ্বাস, বরিশালের সিভিল সার্জন এ এফ এম শফিউদ্দিন প্রমুখ।
সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। স ংগঠনের কেন্দ্রীয় সভাপতি আবদুল্লাহ আল আনসারীর সভাপতিত্বে সমাবেশে জাতীয় সংসদে সরকারদলীয় হুইপ শাহাব উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের (প্রশাসন) পরিচালক ইহতেশামুল হক চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
রাজশাহীর সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। আয়োজক সংগঠনের রাজশাহীর সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএমএ রাজশাহীর সাধারণ সম্পাদক আবদুস সোবহান, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
[সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা তথ্য পাঠিয়েছেন]