'বেবি অব আননোন' এখনো ঝুঁকিমুক্ত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় ঝোপ থেকে উদ্ধার হওয়া মেয়েশিশুটিকে গত বৃহস্পতিবার প্রথমবারের মতো দুধ খাওয়ানো হয়েছে। শিশুটির অবস্থা স্থিতিশীল হলেও এখনো ঝুঁকিমুক্ত নয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
ঠিক কোন অবস্থার পরিপ্রেক্ষিতে মা-বাবা এক দিনের শিশুটিকে ফেলে গিয়েছিলেন তা এখন পর্যন্ত জানা যায়নি। সামান্যতম মায়া দেখায়নি রাস্তার কুকুরগুলোও। খুবলে খেয়েছে নরম মুখটা। এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা ওকে সারিয়ে তোলার চেষ্টা করছেন। গতকাল পর্যন্ত শিশুটি কার সে সম্পর্কে কিছুই জানা যায়নি। মায়ের নামটি অজানা থাকায় হাসপাতালের খাতায় লেখা হয়েছে, ‘বেবি অব আননোন’ (অজানা কারও শিশু)।
ঢাকা মেডিকেল কলেজের নবজাতক বিভাগের প্রধান আবিদ হোসেন মোল্লা বলেন, নবজাতকটিকে স্যালাইন দিয়ে রাখা হয়েছিল। বৃহস্পতিবারই প্রথম তাকে খুব অল্প পরিমাণে দুধ দেওয়া হয়েছে। ও কতটা সহ্য করতে পারে পরীক্ষা করে দেখে খাবারের পরিমাণ ক্রমশ বাড়ানোর পরিকল্পনা আছে।
ঢাকা মেডিকেল কলেজের শিশু শল্যচিকিৎসা বিভাগ; শল্যচিকিৎসা বিভাগ; নাক, কান, গলা বিভাগ; শিশু নিউরোলজি বিভাগ ও সংক্রামক ব্যাধি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা শিশুটিকে দেখছেন। সবাই মিলে শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করছেন। শিশুটির মুখে আঘাত সবচেয়ে বেশি। মস্তিষ্কের কাছাকাছি আঘাত বেশি হলে ঝুঁকি বাড়ে।
কুকুরের কামড় থেকে ধনুষ্টঙ্কার বা জলাতঙ্কের আশঙ্কা আছে কি না, জানতে চাইলে আবিদ হোসেন মোল্লা বলেন, সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে চিকিৎসকেরা এসে শিশুটিকে ভ্যাকসিন দিয়ে গেছেন। তবে কুকুরে কামড়ানোর পরপরই যেমন জলাতঙ্কের আশঙ্কা থাকে, তেমনি বহুদিন পরেও রোগটিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। শিশুটির জন্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হক শিশুটির চিকিৎসায় যুক্ত আছেন। তিনি বলেন, শিশুটির অস্ত্রোপচার লাগবে। খুব সুন্দর দেখতে শিশুটির ঠোঁটের ওপরের অংশের তিন-চতুর্থাংশ, ডান হাতের বুড়ো আঙুল কুকুর খেয়ে ফেলেছে। একটি আঙুলে পচন ধরেছে। তিনি আরও বলেন, পাঁচটি আঙুল মিলে যে কাজ করে তার ৭০ শতাংশ করে ডান হাতের বুড়ো আঙুল।
পূর্ব শেওড়াপাড়ার পুরোনো বিমানবন্দরসংলগ্ন রানওয়ে মাঠের পাশের ঝোপ থেকে মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে শিশুটিকে উদ্ধার করে ১১ বছরের শিশু সাব্বির ও তার বন্ধুরা। এ সময় শিশুটিকে চার-পাঁচটি কুকুর মিলে টানাহেঁচড়া করছিল।