'বেবি অব বিউটি' এখনো ঝুঁকিমুক্ত নয়

মাথা ভর্তি কালো চুল। ফরসা ও লালচে গাল। চোখ দুটি বন্ধ। ওর বয়স মাত্র নয় দিন। আদর করে নাম রাখার কেউ নেই। হাসপাতালের নথিতে সে ‘বেবি অব বিউটি’ নামে পরিচিত।
চিকিৎসক ছোট শরীরটা ধরতেই কেঁদে উঠে যেন প্রতিবাদ জানাল সে। তারপর মাথায় হাত বুলিয়ে দিতেই কান্না থেমে গেল।
জন্মের পরই কিশোরী মা এই নবজাতককে একটি ভবনের পাঁচতলা থেকে ফেলে দেয়। এলাকাবাসী ও পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নবজাতক বিভাগের বিশেষায়িত সেবা কেন্দ্র স্পেশাল কেয়ার বেবি ইউনিটে জায়গা হয় তার। এখন তার আপনজন বলতে চিকিৎসক ও পুলিশ। এ কয়দিনে ও মায়ের আদর পায়নি। কেউ ওকে দেখতে আসেনি। বুকে জড়িয়ে ধরেনি কেউ। বিশেষ লাইটের তাপেই সে ওম পায়।
এদিকে নবজাতকের মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে তেজগাঁও থানা কমপ্লেক্সে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেওয়া হয়েছে। তার শারীরিক ও মানসিক অবস্থা আগের চেয়ে ভালো বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
নবজাতকের মা বেইলি রোডের একটি ফ্ল্যাটে গৃহকর্মী হিসেবে কাজ করে। ওই ফ্ল্যাটেই শিশুটির জন্ম দেয় মেয়েটি। গত ১ ফেব্রুয়ারি নবজাতককে ফেলে দেওয়ার পর পুলিশ এলাকায় অভিযান চালিয়ে মাকে উদ্ধার করে। তখন মা জানায়, নিজের ভগ্নিপতি তাকে ধর্ষণ করায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
রমনা থানার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, আজ মঙ্গলবার নবজাতকের মায়ের বক্তব্য শুনে ধর্ষণ মামলা করা হয়েছে। নবজাতকের মা (১৬) বাদী হয়ে তার ভগ্নিপতি বিরুদ্ধে মামলা করেছে।
আজ দুপুরে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের অনুমতি নিয়ে স্পেশাল কেয়ার বেবি ইউনিটে গিয়ে দেখা গেল, নবজাতকের শরীরে লাইট দিয়ে তাপ দেওয়া হচ্ছে। নাকে নল লাগানো। ছোট্ট শরীরটি বিশেষ ব্যান্ডেজে মোড়ানো। চিকিৎসকেরা জানালেন, পাঁচতলা থেকে ফেলে দেওয়ার পর ওর ছোট্ট ঊরুর সবচেয়ে বড় হাড়টি ভেঙে গেছে। চামড়া ভেদ করে হাড়ের কিছু অংশ বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। যেকোনো ভাবে হোক এই হাড়কে শরীরের চামড়ার ভেতরে রাখতে হবে। নবজাতক যাতে বেশি নাড়াচাড়া করতে না পারে, তাই বিশেষ ব্যান্ডেজ লাগানো। ওর মুখের একটি হাড়েও ফাটল ধরেছে। মাথার দুই পাশে রক্ত জমাট বেঁধে আছে। ব্যথা কমানোর জন্য দেওয়া হয়েছে ব্যথানাশক ওষুধ। হাসপাতালে যেদিন আসে সেদিন ওর ওজন ছিল ২ দশমিক ৫ কেজি। ওকে নল দিয়ে খুব অল্প করে খাবার দেওয়া হচ্ছে। রক্তশূন্যতার কারণে চিকিৎসকেরা নিজেরাই রক্ত দিয়েছেন।
৩ ফেব্রুয়ারি রাত থেকে বেবি ইউনিটে আছে সে। নবজাতকের কাছেই ছিলেন চিকিৎসক আইয়ুব আলী (সহকারী রেজিস্ট্রার)। তিনি একটু পরপর আদর করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। তিনি বলেন,‘ওর বেঁচে থাকা পুরোটাই মিরাক্যাল। বর্তমানে চামড়া ভেদ করে হাড় বের হয়ে অস্টোমাইলাইটিস হলে অবস্থা খারাপ হয়ে যাবে।’
তবে মুখে খানিকটা স্বস্তির ভাব এনে নবজাতকের পায়ের হাড়ের এক্স-রে চোখের সামনে রেখে আইয়ুব আলী বলেন, চিকিৎসকেরা ধারণা করছেন, ওর পায়ের এ হাড় ভবিষ্যতে জোড়া লেগে যাবে।
৪ ফেব্রুয়ারি নবজাতকের চিকিৎসায় আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের বিভাগীয় প্রধান এবং মেডিকেল বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মনীষা ব্যানার্জি প্রথম আলোকে বলেন, ‘ও যে বেঁচে আছে, তা দেখে আমরাও আশ্চর্য হয়েছি। ফেলার সময় ওকে হয়তো মাথা ধরে ফেলা হয়, যার কারণে পায়ে বেশি আঘাত লাগে। ওর শরীরের ভেতরে যেসব জায়গায় আঘাত লেগেছে তাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। একটু জ্বরও আসছে। সংক্রমণও আছে। ওকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। ছোট্ট শরীর, ধকল কতটা কাটিয়ে উঠতে পারবে কে জানে। তবে আমরা চিকিৎসকেরা যথাসাধ্য চেষ্টা করছি।’
চিকিৎসা শেষে ‘বেবি অব বিউটি’ কোথায় যাবে জানতে চাইলে মনীষা ব্যানার্জি বলেন, মামলা হওয়ায় ওকে হয়তো সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত ছোটমনি নিবাসে পাঠানো হতে পারে। এ ছাড়া ওর কিশোরী মায়ের কাছে আবার ওকে দেওয়া কতটুকু ঠিক হবে তাও বিবেচনা করতে হবে।