ভর্তি পরীক্ষার ফলে শিক্ষার মান প্রশ্নবিদ্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজার হাজার শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেডে পাস করছে। উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে দেখা যায় সর্বোচ্চ ফলকারীরা ধরাশায়ী হচ্ছে। এতে শিক্ষার মানও প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। আজ শনিবার সিলেটে বিবিসি বাংলাদেশ সংলাপে দর্শকের প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্যানেল আলোচকেরা এই মত ব্যক্ত করেন। 

নগরের শাহি ঈদগাহ এলাকার শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিকেলে বিবিসি বাংলাদেশ সংলাপ অনুষ্ঠিত হয়।

সিলেটে তৃতীয় সিরিজের ৮৭তম পর্বের সঞ্চালক ছিলেন আকবর হোসেন। সংলাপে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জায়েদা শারমিন।

‘যখন হাজার হাজার ছেলেমেয়ে এইচএসসিতে সর্বোচ্চ গ্রেডে পাস করছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তির যোগ্যতা অর্জন করেছে মাত্র দুইজন। শিক্ষার মানের ক্ষেত্রে এই ফলাফল কী ইঙ্গিত দিচ্ছে?’ এ রকম প্রশ্ন ছিল একজন দর্শকের। জবাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জায়েদা শারমিন বলেন, ‘শিক্ষার মানকে অবজ্ঞা করার মতো সময় এখনই আসেনি। এখানে সিলেবাস এবং কম সময়ে এটা শেষ করার চেষ্টা, শিক্ষকদের মানের মতো বেশ কয়েকটি ইস্যু কাজ করছে।’
বিএনপি নেতা দিলদার হোসেন সেলিম এ প্রসঙ্গে বলেন, ‘শিক্ষার মান এত খারাপ আগে কখনই ছিল না। শিক্ষকদের জোর করে নম্বর দেওয়ানো হচ্ছে। খুব কম পরিশ্রম করে বেশি ফল পাওয়ার প্রবণতা কাজ করছে।’ ফখরউদ্দিন আলী আহমেদ বলেন, ‘বেশি পাস করিয়ে সরকারের লাভ কী? ম্যাসাকার কিছু হয়ে যাচ্ছে বলে মনে করছি না।’

আওয়ামী লীগের নেতা বদরউদ্দিন কামরান বলেন, ‘একটা সময়ে স্কুল-কলেজগুলোতে শিক্ষার মান ছিল না। এখন অভিভাবক এবং শিক্ষকদের সমন্বিত প্রয়াসে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাপদ্ধতি স্কুল-কলেজের পরীক্ষাপদ্ধতি থেকে একেবারে ভিন্ন। আমাদের উচিত এই অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে বের করা।’

দর্শকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে শিক্ষা ছাড়াও মধ্যবর্তী নির্বাচন, ব্যাংক জালিয়াতি, দ্রবমূল্যের ঊর্ধ্বগতি ও সিলেটে বিনিয়োগ নিয়ে সংলাপে আলোচনা হয়। মধ্যবর্তী নির্বাচন নিয়ে দুই বড় রাজনৈতিক দলের দুই নেত্রীর সদিচ্ছার বিষয়টি মুখ্য বলে উল্লেখ করা হয়। ব্যাংক জালিয়াতি রোধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিনিয়োগ পরিস্থিতি নির্ভর করে বলে আলোচকেরা একমত হন।