'বেশি বিদ্যুৎ পেলাম টমেটো থেকে'

‘ভেবেছিলাম লেবু থেকে বেশি বিদ্যুৎ উৎপাদন করা যাবে। কিন্তু বেশি বিদ্যুৎ পেলাম টমেটো থেকে।’ দশম শ্রেণির শিক্ষার্থী ইসকার ইব্রাহিম জানাল কথাটি।
ইসকারের সহপাঠী আইয়ান আর শ্রাবন্তি তখনো ব্যস্ত। একজন বলল, ‘আমরা চারপাশের অনেক ধাতব জিনিসপত্র (মেটাল) ব্যবহারের পরে ফেলে দিই। মনে প্রশ্ন এসেছিল এগুলো ব্যাটারির বিকল্প হিসেবে ব্যবহার করা যায় কি না। দেখলাম, এগুলো থেকেও বিদ্যুৎ বানানো যায়। তবে আমরা যতটুকু পেয়েছি, তা দিয়ে হয়তো কোনো কাজে লাগবে না। আরও বেশি লাগবে।’

এই শিশুরা সবাই রাজধানীর অরণি বিদ্যালয়ের শিক্ষার্থী। আর এখন তারা একেকজন খুদে বিজ্ঞানী। আজ রোববার লালমাটিয়ায় বিদ্যালয়ের ওই শাখায় চলছে বিজ্ঞান মেলা। সেখানেই অংশ নিয়েছে শিশুরা।
সকাল থেকে শুরু হয়েছে খুদে বিজ্ঞানীদের ব্যস্ততা। চলবে সারা দিন। শিক্ষক, অভিভাবক, এমনকি বিদ্যালয়ের কর্মীরাও ব্যস্ত। শিশুরা তাঁদের ডাকে খালা বা মামা নামে।

কী নেই এই বিজ্ঞান মেলায়? গ্যাস দিয়ে বেলুন ফোলানো, মাটি ছাড়া বীজ থেকে নতুন গাছ তৈরি, রাবার ব্যান্ড দিয়ে গাড়ি বানানো, ওয়াটার রকেট, লাভা ল্যাম্প, এটিএম বুথ, মোটরচালিত নৌকা, এক বোতলে মেঘ, বায়ু ও পানির খেলা, জলের হাঁটা, জেলির ডিম, অদৃশ্য ডাকটিকিট, বিভিন্ন ধরনের মসলার দ্রবণে পানি শোষণের তারতম্য, ঠান্ডা বাতাস তৈরির যন্ত্র, বিভিন্ন সবজিতে তড়িৎপ্রবাহের পরিমাণ নির্ণয়সহ প্রায় ৫০টি আবিষ্কার।
খুদে বিজ্ঞানীরা সংখ্যায় প্রায় ২০০। একদম যারা ছোট, তারা হাতের ছাপ দিয়ে তৈরি করছে বাংলাদেশের মানচিত্র। বিভিন্ন চারা গাছ দিয়ে সাজিয়েছে স্কুল প্রাঙ্গণ।

বিজ্ঞানীদের আবিষ্কার দেখতে এসেছেন অভিভাবকেরাও। দেখা শেষ হতেই যাতে একটু মন্তব্য লেখেন, সে জন্য আবদার করছে শিক্ষার্থীরা।
স্কুলের প্রধান শিক্ষক নিনা ভূঁইয়া প্রথম আলোকে বলেন, প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য গত বছর থেকে চালু হয়েছে বিজ্ঞান ক্লাব। সপ্তাহে দুদিন ক্লাস হয়। এই ক্লাবের তত্ত্বাবধানেই মেলার আয়োজন। এর মাধ্যমে শিশুদের বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ জন্মাবে। মেলায় অংশ নিয়ে তারা হাতেকলমে বিজ্ঞানকে বুঝতে চাইছে।