‘বেসরকারি প্রাথমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণ হবে’
বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে।যশোর টাউন হল মাঠে (মুন্সী মেহেরুল্লাহ ময়দান) বিভাগীয় প্রাথমিক শিক্ষক সমাবেশে সরকারি হিসাবসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব নজরুল ইসলাম খান বলেন, নতুন শিক্ষানীতিতে তিন ধরনের প্রাথমিক শিক্ষাকে একত্র করে এক কাঠামোতে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেটি এখন সময়ের ব্যাপার মাত্র।বাংলাদেশ বেসরকারি (রেজি.) প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত বিভাগীয় শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা বিভাগীয় শাখার সভাপতি এম এম সুলতান আহমেদ। বক্তৃতা করেন যশোর সদর আসনের সাংসদ খালেদুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১ আবদুল আজিজ, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, মহাসচিব মুনছুর আলী প্রমুখ। সমাবেশে খুলনা বিভাগের ১০ জেলা থেকে প্রায় পাঁচ হাজার শিক্ষক এ সমাবেশে যোগ দেন।