সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলে সরকারি কুমিল্লা মেডিকেল কলেজের ২৭৫ জন ছাত্রছাত্রীকে শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ। শাস্তি হিসেবে এসব ছাত্রছাত্রীর প্রত্যেকের কাছ থেকে দুই হাজার টাকা করে জরিমানা নেওয়া হয়েছে।২৯ মার্চ কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ছিল। শাস্তি পাওয়া একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণ বাধ্যতামূলক ছিল না। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানের সময় গাইনি, সার্জারি, মেডিসিনসহ বেশ কটি বিভাগে ক্লাস চলছিল।নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র বলেন, ‘অনুষ্ঠানের সময় আমার ক্লাস ছিল। আমি হাজিরা খাতার অনুলিপিসহ একটি আবেদনপত্র জমা দিয়েও পার পাইনি। আমাকে বলা হয়েছে, একবারে দিতে না পারলে কিস্তিতে এ মাসের মধ্যেই টাকা দিতে হবে।’ কলেজ কর্তৃপক্ষ টাকা নিয়ে ‘বেসরকারি টাকা আদায়ের রসিদ’ লেখা কাগজ দিয়েছে ছাত্রছাত্রীদের। ৩১ মার্চ টাকা নেওয়া এমন একটি রসিদ প্রথম আলো পেয়েছে।‘বেসরকারি টাকা আদায়ের রসিদ’-এর ব্যাপারে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ মো. মোসলেহউদ্দীন আহমেদ প্রথমে বলেন, তিনি কিছু জানেন না। পরে বলেন, অনুপস্থিত থাকা ছাত্রছাত্রীদের কাছ থেকে জরিমানা হিসেবে এই টাকা নেওয়া হয়েছে। ২৯ মার্চ সকালে অনুষ্ঠান চলার সময় হোস্টেল সুপার উৎপল কুমার রায়ের নেতৃত্বে একটি দল প্রতিটি কক্ষ ঘুরে ছাত্রছাত্রীদের তালিকা তৈরি করে। পরে বিজ্ঞপ্তি দিয়ে অনুপস্থিত ছাত্রছাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।উৎপল কুমার রায় বলেন, জরিমানা আদায়ের সিদ্ধান্তটি ছিল তাৎক্ষণিক। হোস্টেলে ও অনুষ্ঠানে যারা অনুপস্থিত ছিল তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে এটা করা হয়েছে। অন্যদিকে অধ্যক্ষ বলেছেন, ছাত্রছাত্রীরা সরকারি ছুটি থাকলে আগে-পরে আরও দু-চার দিন বাড়িয়ে বাড়ি চলে যায়। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ছয় মাস আগে একাডেমিক কাউন্সিলের সভায় জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ীই কাজ হয়েছে।