'বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড' পেল ৯৯টি সেরা ব্র্যান্ড
গবেষণা প্রতিষ্ঠান কান্তার মিলওয়ার্ড ব্রাউন বাংলাদেশের অংশীদারত্বে এবং দ্য ডেইলি স্টার-এর সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৬’ নামে সেরা ব্র্যান্ড পুরস্কার প্রদান করেছে। ৩৩ ক্যাটাগরিতে ৯৯টি বিভিন্ন ব্র্যান্ড এই পুরস্কার পায়। গত শনিবার রাজধানীর একটি হোটেলে এক আড়ম্বর অনুষ্ঠানে বিজয়ী ব্র্যান্ডগুলোকে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী পরিচালিত এক গবেষণা-জরিপের ভিত্তিতে ৩৩টি ক্যাটাগরিতে বাংলাদেশের নেতৃস্থানীয় ব্র্যান্ডগুলোকে অনুষ্ঠানে সম্মান জানানো হয়েছে। জরিপটি পরিচালনা করেছে কান্তার মিলওয়ার্ড ব্রাউন বাংলাদেশ। এবারের জরিপে ৪ হাজার ৮০০ জন ব্যক্তির মতামত নেওয়া হয়েছে। গবেষণা-জরিপটি পরিচালনায় গুণগত মান বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। সে অনুযায়ী উত্তরদাতাদের মুখোমুখি হয়ে হাতে-কলমে ইন্টারভিউ বা সাক্ষাৎকার নেওয়া হয়। একটি পরিকল্পিত প্রশ্নমালার ওপর উত্তরদাতাদের মত লিপিবদ্ধ করা হয়। উত্তরদাতাদের বাছাই করা হয় র্যান্ডম স্যাম্পলিং বা দৈবচয়নের মাধ্যমে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পরিচালক নাজিয়া আন্দালিবের স্বাগত বক্তব্যের মাধ্যমে। কান্তার মিলওয়ার্ড ব্রাউন বাংলাদেশের এ দেশীয় ব্যবস্থাপক খন্দকার সামিনা আফরিন এবং দ্য ডেইলি স্টার-এর প্রধান বিপণন কর্মকর্তা তাজদীন হাসান প্রমুখ বক্তব্য দেন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম বাংলাদেশ ‘ইয়ুথ হাব’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম উদ্বোধন করেন। এই অনলাইন প্ল্যাটফর্মটি দক্ষ যুবসমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।