‘বেহাল সড়কে বেহাল জীবন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড থেকে সাভার নামাবাজার পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ সড়কটি এখন সাভার পৌরবাসী ও ব্যবসায়ীদের কাছে ভোগান্তির সড়কে পরিণত হয়েছে। বৃষ্টির পানিতে ভরা বড় বড় গর্তে পণ্যবাহী ট্রাক আটকে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকছে ঘণ্টার পর ঘণ্টা। এতে দুর্ভোগের শিকার হচ্ছেন ব্যবসায়ী ও নাগরিকেরা।সড়কটির এই বেহাল দশার জন্য স্থানীয় কাউন্সিলর দায়ী করলেন মেয়রের রাজনৈতিক প্রতিহিংসাকে। তবে মেয়র এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি।অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর অদূরে সাভারের ঐতিহ্যবাহী একটি ব্যবসাকেন্দ্র সাভার নামাবাজার। এই বাজারের অন্তত ১০ হাজার ব্যবসায়ীর মালামাল পরিবহনের অন্যতম ভরসা রেডিও কলোনি থেকে সাভার বাজার পর্যন্ত এই সংযোগ সড়কটি। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পণ্য নিয়ে আসা কয়েক শ ট্রাক প্রতিদিন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে এই সড়কপথেই বাজারে ঢোকে। আবার বাজার থেকে পণ্য নিয়ে ট্রাকগুলো ওই পথেই চলে যায় দেশের বিভিন্ন এলাকায়। এ ছাড়া সাভারের ছায়াবীথি, জ্বালেশ্বর ও আড়াপাড়া এলাকার কয়েকটি শিল্প-কারখানার মালামালও ওই পথেই আনা-নেওয়া করা হয়। গুরুত্বপূর্ণ এই সড়কে যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে চলাই অসাধ্য হয়ে পড়েছে।সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ইউজি প্রকল্পের আওতায় ২০০৫ সালে রেডিও কলোনি থেকে নামাবাজার পর্যন্ত ২ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ সড়ক ও সড়কের পাশে ১ দশমিক ৬০ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়। এতে ব্যয় করা হয় দুই কোটি ১৬ লাখ ১১১ টাকা। বছর দেড়েক আগে আট লাখ টাকার সংস্কারকাজ করা হলেও গত ছয় বছরে বড় ধরনের কোনো সংস্কারকাজ করা হয়নি সড়কটিতে। এ কারণে সড়কটির এই বেহাল দশা হয়েছে।ঢাকা-আরিচা মহাসড়ক থেকে রেডিও কলোনি সড়কে ঢুকলেই চোখে পড়বে বড় বড় গর্ত। এরপর যতই এগোনো যায় গর্তের আকার ও পরিমাণ ততই বাড়তে থাকে। বড় বড় এসব গর্তের কারণে সড়কটির প্রায় এক কিলোমিটার এলাকা এখন যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় ওই গর্তে জমে রয়েছে পানি। এসব গর্তেই প্রতিদিন আটকে পড়ছে পণ্যবাহী ট্রাক।গত শুক্রবার দুপুরে পণ্য নিয়ে নামাবাজার যাওয়ার পথে মহাসড়ক থেকে ৫০ গজ ভেতরে বড় গর্তে আটকে পড়ে একটি ট্রাক। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ট্রাকটি উদ্ধার করা হয়। ততক্ষণ ওই সড়কে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে। রেডিও কলোনি-নামাবাজার সংযোগ সড়কের পাশে ছায়াবীথি এলাকায় অবস্থিত আবরার সোয়েটারের প্রশাসনিক ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন বলেন, সড়কটি যান চলাচল অনুপযোগী হয়ে পড়ায় তাঁদের প্রতিষ্ঠানের মালামাল পরিবহনে সমস্যা হচ্ছে। অনুরোধ করার পরেও পৌর কর্তৃপক্ষ সড়কটি সংস্কারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। সড়কের এই বেহাল দশা প্রসঙ্গে সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া বলেন, সড়কটির উভয় পাশে ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘর থাকায় সড়কটিতে বছরের প্রায় অধিকাংশ সময়ই পানি জমে থাকে। আর এই পানির মধ্যে দিয়ে যানবাহন চলাচল করার কারণেই সড়কটির এই বেহাল দশা হয়েছে।সংস্কার না হওয়া প্রসঙ্গে মো. রফিকুল ইসলাম মিয়া বলেন, সংস্কারের প্রয়োজনীয়তা বিবেচনায় রাজস্ব তহবিল থেকে সড়কটি সংস্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।স্থানীয় কাউন্সিলর মো. খোরশেদ আলম বলেন, সাভার পৌর বিএনপির সভাপতি পৌর মেয়র মো. রেফাত উল্লাহর সঙ্গে তাঁর রাজনৈতিক বিরোধ দীর্ঘদিনের। এই বিরোধের খেসারত দিচ্ছেন ব্যবসায়ী ও নাগরিকরা। এ প্রসঙ্গে পৌর মেয়র মো. রেফাত উল্লাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। পরে যোগাযোগ করে কাউন্সিলরের অভিযোগের বিষয় নিয়ে কথা বলার একপর্যায়ে তিনি কোনো উত্তর না দিয়ে ফোন বন্ধ করে দেন।