'বেহুদা খরচ' না করার নির্দেশ শিল্পমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেহুদা খরচ নয়, কাজের গুণগতমান বজায় রেখেই দ্রুত প্রকল্প বাস্তবায়ন করতে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন করপোরেশন ও সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

চলতি ২০১৩-২০১৪ অর্থবছরে শিল্প মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় আয়োজিত সভায় শিল্পমন্ত্রী এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ সোমবার অনুষ্ঠিত এ সভায় শিল্পমন্ত্রী সভাপতিত্ব করেন।
সভায় আমির হোসেন আমু বলেন, ‘বেহুদা খরচ নয়, কাজের গুণগতমান বজায় রেখেই দ্রুত প্রকল্প বাস্তবায়ন করতে হবে।’
সভায় জানানো হয়, ২০১৩-১৪ অর্থবছরের এডিপিতে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার ৩০টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এসব প্রকল্পের মোট বরাদ্দের পরিমাণ দুই হাজার ১০৭ কোটি টাকা। এর মধ্যে রাজস্ব খাত থেকে ৫৪০ কোটি টাকা ও প্রকল্প সাহায্য থেকে এক হাজার ৫৬৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর বিপরীতে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৫১ দশমিক ১০ শতাংশ ব্যয় হয়েছে। গত বছর একই সময়ে এ ব্যয়ের পরিমাণ ছিল ২৫ দশমিক ৫৭ শতাংশ।
সভায় জানানো হয়, সাভার চামড়া শিল্পনগরের কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে নির্মাতা প্রতিষ্ঠানকে সিইটিপির নকশাসহ (ড্রইং ও ডিজাইন) প্রয়োজনীয় অন্যান্য বিষয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
শুধু তা-ই নয়, শিল্পনগরে অবকাঠামো নির্মাণের লক্ষ্যে ১২৭ জন উদ্যোক্তা তাঁদের বরাদ্দকৃত প্লটের লে-আউট পরিকল্পনা জমা দিয়েছেন।
এ বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, শুধু পরিবেশের স্বার্থে নয়, আন্তর্জাতিক বাজারে দেশীয় চামড়াজাত পণ্যের রপ্তানি অব্যাহত রাখার জন্যও নির্দিষ্ট সময়ে এ প্রকল্প শেষ করতে হবে।
সভায় শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহসহ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।