'বেহুলার বাসরঘরে' কবি মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাচীন বাংলার রাজধানী পুন্ড্রনগরের পাদদেশে আরেক কিংবদন্তি বেহুলার বাসরঘর। সবুজ প্রকৃতি আর শীতের শিশিরভেজা ঘাসের চাদরে ঢাকা বেহুলার সেই ‘বাসরঘরেই’ গতকাল শনিবার হয়ে গেল কবি মিলনমেলা। কাব্য, কবিতা আর কাব্যিক আড্ডায় মেতে ওঠেন কবি-লেখকেরা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কবি লেখক এসেছিলেন এ মিলনমেলায়। বগুড়ার সাহিত্য সংগঠন ‘বগুড়া লেখক চক্র’-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কবিতা উৎসবের আয়োজন করা হয়। উৎসবের শেষ দিনে গতকাল বগুড়ার মহাস্থানগড়ের পাশে বেহুলার বাসরঘরে কবি মিলনমেলা বসে।
লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক জানান, সকালে বেহুলার বাসরঘরের সবুজ ঘাসে ঢাকা চত্বরে ‘ভ্রমণ কবিতা’ পাঠের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের উৎসব শুরু হয়। বিরতিহীনভাবে তা চলে দিনভর। কবি মিলনমেলায় স্বরচিত কবিতা পাঠ করেন মাকিদ হায়দার, আরিফুল হক, কামরুল বাহার, ওয়ালী কিরণ, সিরাজদৌল্লাহ বাহার, রাজা শহীদুল্লাহ আকরাম, শিবলী মুকতাদির, জে এম রউফ, আমির খসরু, জি এম সজল প্রমুখ। এ ছাড়া অতিথি হিসেবে কথাসাহিত্যিক পিয়াল খন্দকার এবং বিদ্যাপ্রকাশের স্বত্বাধিকারী মজিবর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে গত শুক্রবার বগুড়া শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুই দিনব্যাপী কবিতা উৎসবের উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান। সভাপতিত্ব করেন ইসলাম রফিক।
ওই দিন বিকেলে ‘বগুড়ার কবি ও কবিতা: ষাট থেকে নব্বই’ শীর্ষক আলোচনাপর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মামুন রশীদ। কথাসাহিত্যিক পিয়াল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম।
প্রতিষ্ঠাবার্ষিকীতে এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ছয়জনকে পুরস্কৃত করেছে লেখক চক্র। স্বীকৃতি পাওয়া ব্যক্তিরা হলেন: কবিতায় ওয়ালী কিরণ, কথাসাহিত্যে মহীবুল আজিজ, শিশুসাহিত্যে আলম তালুকদার, লিটল ম্যাগাজিন সম্পাদনায় রাশেদ রহমান (উতঙ্ক), প্রকাশনায় মজিবর রহমান (বিদ্যাপ্রকাশ) ও সাংবাদিকতায় আবদুল মোত্তালিব।