ঢাকা উত্তর: ওয়ার্ড—২৭: আগারগাঁও, রাজাবাজার, ইন্দিরা রোড ও মনিপুরিপাড়া
'বোবা ভোট' নিয়ে চিন্তায় আ.লীগ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডে প্রচারে-পোস্টারে একচেটিয়া অবস্থানে আছেন আওয়ামী লীগ-সমর্থিত সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ফরিদুর রহমান খান ওরফে ইরান। বিএনপি-সমর্থিত প্রার্থী আনোয়ারুজ্জামান আনোয়ার ৪৭টি মামলা মাথায় নিয়ে আত্মগোপনে আছেন। এর পরও সাবেক কাউন্সিলর আনোয়ারকেই প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছেন ফরিদুর।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি দল-সমর্থিত প্রার্থীকে প্রচারে একচেটিয়া দেখা গেলেও বিএনপি-সমর্থিত প্রার্থীর ভোটও কম নয়। কিন্তু সেগুলো ‘বোবা ভোট’, তাই বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে না। এই ‘বোবা ভোট’ বলতে কেবল বিএনপির ভোট নয়, সরকারের ওপর নানা কারণে বিরক্ত সব ভোটারকে বোঝানো হচ্ছে। পরে বিপদে পড়ার আশঙ্কায় তাঁরা কেউ প্রকাশ্যে কথা বলেন না। সংবাদপত্রে নাম প্রকাশ করে মন্তব্য করতেও তাঁরা রাজি নন।
এখন এই ‘বোবা ভোট’ নিয়েই চিন্তিত স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আগারগাঁও, রাজাবাজার, ইন্দিরা রোড, মনিপুরিপাড়া নিয়ে এ ওয়ার্ড।
গত মঙ্গলবার দুপুরের দিকে আগারগাঁওয়ে এক ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে নির্বাচন নিয়ে কথা বলতে চাইলে তাঁকে প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত দেখা যায়। নাম প্রকাশ করা হবে না, এই নিশ্চয়তা পেয়ে মুখ খোলেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থীর লোকজন সরব। তাদের কোনো ভয়ডর নেই। আর বিএনপির প্রার্থীর সমর্থকেরা নীরব। কারণ, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত সাত বছরে এ এলাকায় ফরিদুর রহমান প্রভাবশালী হয়ে উঠেছেন। তাঁর দাপটের কাছে অন্যরা তটস্থ থাকেন।
ওই ব্যবসায়ীর সঙ্গে সুর মিলিয়ে স্থানীয় আরেক বাসিন্দা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী বলেন, ‘ভোট মনে মনে। প্রচার দেখে বুঝতে পারবেন না, কে এগিয়ে। সুষ্ঠু ভোট হলে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’
ফরিদুর রহমানের প্রতীক লাটিম। আনোয়ারুজ্জামানের প্রতীক ঘুড়ি। এ দুজনের বাইরে আবুল হোসেন ও আমির হোসেন নামে আরও দুজন প্রার্থী থাকলেও তাঁরা আলোচনায় নেই।
বিএনপির স্থানীয় সূত্রগুলো বলছে, ২০০৯ সালে শেখ হাসিনার সরকার গঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৭টি মামলা হয়েছে আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে। এর বেশির ভাগই দ্রুত বিচার ও বিস্ফোরক দ্রব্য আইনে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে আনোয়ারুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনি প্রকাশ্যে আসতে না পারলেও তাঁর স্ত্রী ও কর্মীরা মাঠে কাজ করছেন। ভোটাররা নিশ্চিন্তে কেন্দ্রে যেতে পারলেই তিনি খুশি। তিনি বলেন, নির্বাচিত হলে কমিউনিটি সেন্টার স্থাপন এবং মানুষ যেন সহজে প্রয়োজনীয় বিভিন্ন সেবা পেতে পারেন, সে জন্য কাউন্সিলর কার্যালয় ডিজিটালাইজড করবেন।
আর ফরিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী আনোয়ারুজ্জামান মামলা নিয়ে ভেজালে আছেন বলে মাঠে নামতে পারছেন না। আর নামলেও বিএনপির লোকজনকেও পাশে পাবেন না। সবাই আমার সঙ্গে কাজ করছে।’ এটা কী ভয়ে—এ প্রশ্নে তিনি বলেন, ‘জোর করে, ভয় দেখিয়ে এত লোক পক্ষে আনা যায় না। আমার কাজ পছন্দ করে এগিয়ে এসেছে।’
স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদুর রহমান কয়েক বছর ধরেই কাউন্সিলর নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। চলাফেরা করেন নিজস্ব নিরাপত্তাবলয় নিয়ে। তিনি খামারবাড়ীর সব উন্নয়নকাজের নিয়ন্ত্রণ করেন।
অবশ্য ফরিদুর রহমানের দাবি, ‘এটা ভুল কথা। আমি বছরে একটি-দুটি কাজ করি। সবই প্রতিদ্বন্দ্বিতা করে নিয়েছি। এখন ঠিকাদারি লাইসেন্স বিক্রি করে দিয়েছি।’
পশ্চিম রাজাবাজারে ফরিদুর রহমানের একটি নির্বাচনী ক্যাম্পে টেলিভিশন রয়েছে। মঙ্গলবার সেখানে কিছু তরুণ ও শ্রমজীবী মানুষকে বসে থাকতে দেখা যায়। মনিপুরিপাড়ায় সড়কের ফুটপাত দখল করে করা হয়েছে আরেকটি ক্যাম্প।
সেখানে বসে থাকা মো. রাসেল অন্য প্রার্থীদের পোস্টার কম দেখা যাওয়ার কারণ সম্পর্কে বলেন, ‘আমরা তো এগিয়ে থাকবই। আর আমাদের পোস্টার পলিথিনে মোড়ানো বলে ঝড়ে ক্ষতি হয়নি।’ পাশে বসা স্থানীয় যুবলীগের নেতা তাইজুল ইসলাম বলেন, ‘কারও প্রচারে বাধা নেই। আমরা মাঠে আছি। অন্যরা হয়তো ইচ্ছা করেই নেই।’
সেখান থেকে মনিপুরিপাড়ায় প্রবেশ করে চায়ের দোকানে বসে নির্বাচনের আলাপ তুলতেই রাজু নামের এক রাজমিস্ত্রি বলেন, ‘দেখেন নাই, কাল (সোমবার) খালেদা জিয়ার ওপর কী হইছে। এমন হইলে মানুষ ভোট দিব কেমনে?’
এ সময় দোকানদার আক্তার হোসেন বলেন, কে কাকে ভোট দেবে বলা কঠিন। সবাই ‘বোবা’ হয়ে গেছে।