
রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ব্যবহৃত গ্রেনেডের আদলে তৈরি বোমার প্রস্তুতকারীকে শনাক্ত করার দাবি করেছে পুলিশ। পুলিশ বলেছে, তাঁর নাম সোহেল মাহফুজ। তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) থেকে ‘নব্য জেএমবি’তে যোগ দিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম বলেন, পুরোনো জেএমবি থেকে নতুন জেএমবিতে এসেছেন এ রকম এক ব্যক্তি হলেন সোহেল মাহফুজ। হলি আর্টিজানে জঙ্গি হামলার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। কীভাবে জড়িত ছিলেন জানতে চাইলে তিনি বলেন, তিনি ‘বোমা প্রস্তুতকারী’ ছিলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
মনিরুল ইসলাম বলেন, তামিম চৌধুরীর পর নব্য জেএমবির গুরুত্বপূর্ণ নেতা হলেন মারজান। মারজানের ওপর নির্ভরতা ছিল তামিমের। তাঁকে গ্রেপ্তার করতে পারলে নব্য জেএমবির কাজকর্মে ভাটা পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
২০১০ সালে জেএমবির আমির মাওলানা সাইদুর রহমান গ্রেপ্তার হওয়ার পর সোহেল মাহফুজের নাম আলোচনায় আসে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, জেএমবির আমিরের দায়িত্বে সোহেল রয়েছেন। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। বোমা তৈরি করতে গিয়ে তাঁর বাঁ হাত বিচ্ছিন্ন হয়ে যায় বলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য রয়েছে। এ জন্য তাঁকে ‘পঙ্গু সোহেল’ নামেও ডাকা হয়।
২০১০ সালের পর সোহেলের নাম আর আলোচনায় আসেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে একসময় বলা হয়, তিনি ভারতে পালিয়ে গেছেন। এরপর গুলশান হামলার সঙ্গে সোহেলের জড়িত থাকার কথা গতকাল জানাল পুলিশ।
গত ১২ আগস্ট মারজানকে গুলশান হামলার ‘দায়িত্বপ্রাপ্ত জঙ্গি’ হিসেবে উল্লেখ করে ছবি প্রকাশ করে তাঁর পরিচয় জানাতে ও ধরিয়ে দিতে আহ্বান জানায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। পরে জানা যায়, মারজানের পুরো নাম নূরুল ইসলাম মারজান। তাঁর গ্রামের বাড়ি পাবনার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের আফুরিয়া গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
গত ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে পরদিন সকাল সাড়ে আটটার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১৭ বিদেশিসহ ২০ জনের লাশ উদ্ধার করা হয়। অভিযানে নিহত হন পাঁচ জঙ্গিসহ ছয়জন। এর আগে ১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা, আহত হন অন্তত ৪০ জন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সন্দেহভাজন জঙ্গি হিসেবে আটক হলি আর্টিজানের এক কর্মচারী।