অবৈধ ‘বোমা মেশিন’ বন্ধে অভিযান পরিচালনা করতে অপারগতা প্রকাশ করা সিলেটের কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আসিফ বিন ইকরামের স্ত্রীর ব্যাংক হিসাবে এক পাথর ব্যবসায়ীর ৩০ লাখ টাকা জমা পড়ার তথ্য জানা গেছে। ওই ইউএনওকে গত ৩ জুলাই সুনামগঞ্জের শাল্লায় বদলি করা হয়েছে।
অভিযোগ উঠেছে, কোম্পানীগঞ্জে থাকাকালে ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে বোমা মেশিন ব্যবহারকারী পাথর ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেন আবদুল আলী নামের এক পাথর ব্যবসায়ী। পরে তিনি ইউএনওকে চেকের মাধ্যমে দুই দফায় ৩০ লাখ টাকা দেন। ওই চেক দুটি ইউএনওর স্ত্রীর ব্যাংক হিসাবে জমা করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাংলাদেশের অন্যতম বৃহৎ পাথর কোয়ারি। সেখানে মাটির ৫০-৬০ ফুট গভীর থেকে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০০৯ সালে উচ্চ আদালতে এ নিয়ে একটি রিট করলে বোমা মেশিন নিষিদ্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি স্থানীয় উপজেলা প্রশাসনকে নিয়ে পরিবেশ অধিদপ্তরকে নিয়মিত অভিযান পরিচালনা করতে নির্দেশনা জারি হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভোলাগঞ্জে প্রতি মাসে অন্তত একটি অভিযান চালানোর সিদ্ধান্ত হলেও ইউএনও আসিফ বিন ইকরাম গত মে মাস থেকে অভিযান বন্ধ করে দেন। গত ২২ এপ্রিল অভিযান চালানোর সময় একটি হামলার ঘটনার পর নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে অভিযান চালাতে অপারগতা প্রকাশ করেন তিনি। এ কারণে মে মাসে একটি অভিযানও চালানো সম্ভব হয়নি।
অনুসন্ধানে জানা গেছে, আসিফ বিন ইকরাম ২০১৩ সালের ৮ অক্টোবর কোম্পানীগঞ্জ উপজেলায় যোগ দেন। উত্তরা ব্যাংকের কোম্পানীগঞ্জ শাখায় পাথর ব্যবসায়ী আবদুল আলী তাঁর মালিকানাধীন ‘মেসার্স শাহ আনোয়ার আলী স্টোন ক্রাশার’-এর নামে থাকা ব্যাংক হিসাব নম্বর (২৬৩৫৫১২) থেকে ওই বছরের ১৫ ডিসেম্বরে ক্রস চেকের মাধ্যমে ২৫ লাখ টাকা এবং ১৭ ডিসেম্বর পাঁচ লাখ জমা পড়ে তানিয়া তাবাসসুম নামের এক নারীর ব্যাংক হিসাবে (নম্বর ১১১-৪৮২)। তানিয়া ইউএনও আসিফ বিন ইকরামের স্ত্রী বলে ব্যাংকের ওই শাখার কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
কয়েকজন পাথর ব্যবসায়ী জানান, দুই দফায় ৩০ লাখ টাকা দিয়ে আবদুল আলী ২০১৩ সালের ডিসেম্বর থেকে গত মার্চ মাস পর্যন্ত নির্বিঘ্নে বোমা মেশিন চালান। ২২ এপ্রিল ইউএনওর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর অভিযান চালায়। তখন পাড়ুয়াবাজার এলাকায় অভিযান পরিচালনাকারীরা পাথরশ্রমিকদের হামলার মুখে পড়েন। ৩০ লাখ টাকা দেওয়ার পরও বোমা মেশিনের বিরুদ্ধে অভিযান চালানোর ক্ষোভ থেকে ওই হামলা হয়। ওই ঘটনার পর থেকে ইউএনও অভিযান পরিচালনায় অপারগতা প্রকাশ করেন।
তবে আবদুল আলী দাবি করেন, বোমা মেশিন চালানোর জন্য ওই টাকা দেওয়া হয়নি, টাকা দিয়েছেন ভোলাগঞ্জ পাথর কোয়ারির একাংশের ইজারা পাওয়ার জন্য। ইউএনওর স্ত্রীর ব্যাংক হিসাবে টাকা দিলেন কেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ইউএনও সাহেবের কথামতো চেকে শুধু টাকার অঙ্ক লিখে দিয়েছিলাম। পরে ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারি, তিনি তাঁর স্ত্রীর হিসাবে ওই চেক জমা দিয়েছেন।’ ইজারা পেয়েছিলেন কি না, জানতে চাইলে আবদুল আলী বলেন, ‘পাইনি, টাকাও ফিরে পাইনি। এ জন্যই তো ঘটনাটা ফাঁস হইল।’ ঘটনাটি ফাঁস হওয়ায় ইউএনও তাঁকে ডেকে নিয়ে হুমকিও দিয়েছেন বলে আবদুল আলী অভিযোগ করেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে আসিফ বিন ইকরাম আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করেন। ব্যাংক হিসাবটি কার—এমন প্রশ্নে তিনি বলেন, ‘জানি না।’ আবদুল আলী নামের কোনো পাথর ব্যবসায়ীকে চেনেন কি না, জানতে চাইলে তিনি ‘না’ বলে ফোন কেটে দেন। পরে আবারও যোগাযোগের চেষ্টা করা হলে ইউএনও ফোন ধরেননি।
আসিফ বিন ইকরাম গত বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ থেকে সুনামগঞ্জের শাল্লায় বদলি হয়েছেন। বদলির কারণ সম্পর্কে জানতে চাইলে সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, নিয়মিত বদলির অংশ হিসেবে তাঁকে শাল্লায় বদলি করা হয়েছে। আসিফ বিন ইকরামের স্ত্রীর ব্যাংক হিসাবে পাথর ব্যবসায়ীর ৩০ লাখ টাকা জমা হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এ রকম কোনো তথ্য আমার জানা নেই।’