সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে পরিবেশ বিধ্বংসী নিষিদ্ধ ‘বোমা মেশিন’ বন্ধের অভিযান চালাতে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অপারগ হওয়ায় অবশেষে জেলা প্রশাসনের নির্বাহী হাকিমের নেতৃত্বে অভিযান হয়েছে৷ গতকাল বুধবার নির্বাহী হাকিম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে চারটি বোমা মেশিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করে৷
গত ২২ এপ্রিল অভিযানকালে পাথরশ্রমিকদের হামলার ঘটনা দেখিয়ে ইউএনও এম আসিফ বিন ইকরাম অভিযান চালাতে অপরাগতা প্রকাশ করেন৷ ইউএনওর অপারগতায় চলতি মাসে একটি অভিযানও চালানো সম্ভব হয়নি বলে পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয় চিঠি দিয়ে ঢাকার প্রধান কার্যালয়কে জানায়৷ এ নিয়ে গত সোমবার প্রথম আলোয় ‘বোমা মেশিন বন্ধের অভিযান চালাতে অপারগ ইউএনও!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলে সিলেট জেলা প্রশাসনের নির্দেশে ইউএনওকে ছাড়াই নির্বাহী হাকিমের নেতৃত্বে গতকাল অভিযান চালানো হয়৷
পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক (কারিগরি) মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত চলা অভিযানে চলন্ত অবস্থায় চারটি বোমা মেশিন জব্দ করা হয়৷ পরে সেগুলো পাথর কোয়ারি এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়৷
মাটির প্রায় ৫০ থেকে ৬০ ফুট গভীর থেকে যন্ত্র দিয়ে পাথর উত্তোলন করায় ভূগর্ভস্থ পরিবেশের ব্যাপক ক্ষতি হয়৷ ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে এ যন্ত্রের নাম ‘বোমা মেশিন’৷ বাংলদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০০৯ সালে উচ্চ আদালতে এ-সংক্রান্ত একটি রিট করলে বোমা মেশিন নিষিদ্ধ ঘোষণা করা হয়৷ পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের স্থানীয় প্রশাসনকে নিয়ে ওই যন্ত্র বন্ধের অভিযান চালাতে নির্দেশ দেওয়া হয়৷