'বোমা মেশিন' বন্ধের অভিযান চালাতে অপারগ ইউএনও!
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে পরিবেশবিধ্বংসী নিষিদ্ধ ‘বোমা মেশিন’ বন্ধের অভিযান চালাতে অপারগতা প্রকাশ করেছেন ইউএনও৷ গত ২২ এপ্রিল অভিযানকালে শ্রমিকদের হামলার ঘটনা উল্লেখ করে ইউএনও অভিযান চালাতে অপারগতা প্রকাশ করেন। এ কারণে চলতি মাসে একটি অভিযানও চালানো সম্ভব হয়নি বলে পরিবেশ অধিদপ্তরের সিলেট কার্যালয় গতকাল রোববার চিঠির মাধ্যমে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়কে জানিয়েছে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম আসিফ বিন ইকরাম প্রথম আলোর কাছে অভিযান না চালানোর বিষয়টি স্বীকার করেন। কারণ হিসেবে তিনি ২২ এপ্রিলের ঘটনার কথা উল্লেখ করেন। তবে তিনি অভিযান চালাতে অপারগ নন জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘অভিযান চালাতে আমি কোনো অপারগতা প্রকাশ করিনি, কেবল নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছি। নিরাপত্তার জন্য হুমকি হওয়ায় এভাবে আর অভিযান চালাতে চাই না আমি।’
মাটির ৫০ থেকে ৬০ ফুট গভীর থেকে যন্ত্র দিয়ে পাথর উত্তোলন করায় ভূগর্ভস্থ পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে এ যন্ত্রের নাম দেওয়া হয়েছে ‘বোমা মেশিন’। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০০৯ সালে উচ্চ আদালতে এ-সংক্রান্ত একটি রিট করলে বোমা মেশিন নিষিদ্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর স্থানীয় প্রশাসনকে নিয়ে এ-সংক্রান্ত অভিযান পরিচালনা করতে নির্দেশনা জারি হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভোলাগঞ্জে নিয়মিত অভিযান পরিচালনা করতে ইউএনওর নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হয়৷ কোম্পানীগঞ্জ উপজেলায় বর্তমান ইউএনও যোগ দেওয়ার পর এ পর্যন্ত ১৬টি অভিযান পরিচালিত হয়েছে। প্রতিটি অভিযানেই বোমা মেশিন জব্দ করে ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়।
২২ এপ্রিল অভিযান শেষে ফেরার পথে বিচ্ছিন্নভাবে বোমা মেশিন ব্যবহারকারী শ্রমিকদের হামলার মুখে পড়েন ইউএনও এম আসিফ বিন ইকরাম। পরিবেশ অধিদপ্তর তাঁকে চলতি মাসে অন্তত একটি অভিযান চালাতে বলে৷ তিনি আর অভিযান চালাতে পারবেন না বলে সরাসরি জানিয়ে দেন।
ইউএনওর এমন ভূমিকায় বিপাকে পড়েছেন পরিবেশ অধিদপ্তরসহ অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা। ভোলাগঞ্জে বোমা মেশিনবিরোধী অভিযানের ধারাবাহিকতা রক্ষা নিয়েও তাঁরা শঙ্কায় পড়েছেন। ইউএনওর ভূমিকা প্রকারান্তরে বোমা মেশিন ব্যবহারকারী পাথর ব্যবসায়ী চক্রের পক্ষে চলে গেছে এবং এ নিয়ে বোমা মেশিন ব্যবহারকারীদের মধ্যে একধরনের উৎফুল্লভাব দেখা গেছে বলে অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন৷
অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিত্ব করে থাকেন সিলেটের সহকারী পরিচালক (কারিগরি) মোস্তাফিজুর রহমান। জানতে চাইলে এ মাসে একটি অভিযান পরিচালনা না করার বিষয়টি তিনি স্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, অভিযান অব্যাহত রাখার বিষয়টি উচ্চ আদালতের রায় বাস্তবায়নের সঙ্গে জড়িত। নির্দেশনা অনুযায়ী, ইউএনওর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।