'বোমার আতঙ্ক এখন গা-সওয়া হয়া গেছে'
পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার সঙ্গে সারা দেশের যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসছে। এর ফলে কর্মমুখর হতে শুরু করেছে দুই উপজেলার হাটবাজার, তাঁতপল্লিসহ বিভিন্ন কর্মসংস্থানের জায়গা।
পাবনা থেকে সিরাজগঞ্জের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী বাসের সুপারভাইজার ইউসুফ আলী বলেন, ‘বাড়িতে বইস্যা থাকলি পরিবারের সগলে মিল্যা একসঙ্গে না খায়া মরা। আর গাড়ি নিয়্যা বাড়ালি পেট্রলবোমা খালি হয়তো আমার মরা। এই জন্য রিস্ক নিয়্যা ট্রিপ মারত্যাছি। বোমার আতঙ্ক এখন গা-সওয়া হয়া গেছে।’
জানা যায়, ২০-দলীয় জোটের লাগাতার হরতাল-অবরোধের কারণে বেড়া-সাঁথিয়ায় এত দিন দূরপাল্লার বাস-ট্রাকের চলাচল বন্ধ ছিল। এ করণে কাপড়ের হাটগুলোতে পাইকারেরা আসতে না পারায় তাঁতিদের কাপড় উৎপাদন বন্ধ হয়ে যায়। বেকার তাঁতিদের দিন কাটতে থাকে খেয়ে না-খেয়ে। একই পরিস্থিতির সৃষ্টি হয় বিভিন্ন বাসস্ট্যান্ড, নৌঘাট ও হাটবাজারের শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। সবচেয়ে বিপাকে পড়েন বাস-ট্রাকের শ্রমিকেরা।
তবে বিপাকে পড়া এ মানুষগুলো দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামছেন। সপ্তাহ খানেক হলো সড়ক-মহাসড়কগুলোতে দূরপাল্লার যানবাহনের চলাচল বেড়েই চলেছে।
গতকাল শুক্রবার বেড়া বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, দূরপাল্লার যানবাহনের চলাচল অনেকটাই স্বাভাবিক। তবে রাত হলেই এসব যানবাহনের চলাচল কমে যাচ্ছে ব্যাপকভাবে।
বেড়া বাসস্ট্যান্ডে দায়িত্ব পালনকালে পাবনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির চেইনমাস্টার নজরুল ইসলাম বলেন, ‘সপ্তাহ দুয়েক আগেও এখান দিয়ে বাস-মিনিবাসের চলাচল ছিল না বললেই চলে। অথচ এখন শতকরা ৮০ ভাগ বাস-মিনিবাস রাস্তায় নেমে গেছে। কয়েক দিনের মধ্যে সব গাড়িই রাস্তায় নেমে পড়বে, তা যতই হরতাল-অবরোধ থাকুক না কেন।’
বেড়া থেকে ঢাকার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী কোচ আলহামরা পরিবহনের বেড়া বাসস্ট্যান্ডের টিকিট বিক্রেতা শহীদুল্লাহ বলেন, ‘অবরোধ শুরুর আগে দিনের বেলায় প্রতিদিন নয়-দশ ট্রিপ চালানো হতো। এখন পাঁচ-ছয় ট্রিপ চলছে। তবে যাত্রীর পরিমাণ কম। যাত্রী বাড়লে ট্রিপ আরও বাড়ানো হবে।’
এদিকে দূরপাল্লার বাস ও ট্রাকের চলাচল বাড়তে থাকায় কর্মমুখর হয়ে উঠতে শুরু করেছে হাটবাজার, তাঁতপল্লিসহ বিভিন্ন কর্মসংস্থানের জায়গা। বেড়ার তাঁতসমৃদ্ধ হাতিগাড়া ও রাকশা এবং সাঁথিয়ার ছেঁচানিয়াসহ সাত-আটটি গ্রাম ঘুরে দেখা গেছে, তাঁতিরা আবারও তাঁত বুনতে শুরু করেছেন। তবে এখনো বেশ কিছু তাঁত বন্ধ রয়েছে।
বেড়া উপজেলার নতুনভারেঙ্গা ইউনিয়ন প্রাথমিক তাঁতি সমিতির সভাপতি শাহ আলম বলেন, হাটে পাইকারেরা আসতে শুরু করেছে। এ জন্য তাঁতিরা কাজ করা শুরু করেছেন। তবে এখনো অনেক তাঁতি বেকার হয়ে আছেন।’
বেড়া উপজেলার পাইকারি কাপড় ব্যবসায়ী আক্তারুজ্জামান বলেন, ‘দূরদূরান্তের পাইকারদের ওপর ব্যবসায়ীসহ সব তাঁতি নির্ভরশীল। পাইকারেরা না আসায় তাঁতিদের ঘরে হাহাকার চলছিল। তবে গাড়ি কিছুটা চলছে বলে পাইকারেরা হাটে আসতে শুরু করেছেন।’
বৃহস্পতিবার উত্তরাঞ্চলের অন্যতম পাইকারি সবজির হাট কাশীনাথপুর হাটে গিয়ে কর্মমুখর পরিস্থিতি দেখা যায়। পেঁয়াজসহ বিভিন্ন সবজি কয়েকটি ট্রাকে বোঝাই করতে দেখা যায়। সাঁথিয়া উপজেলার বনগ্রামের পেঁয়াজ ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, ‘ট্রাকে কইর্যাি ঢাকায় পেঁয়াজ নিচ্ছি। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক মনে হত্যাছে। তার পরেও ট্রাকে যাওয়ার সময় খুব ভয় করে। কিন্তু ভয় করলি তো আর প্যাট চলে না।’
এদিকে কিছুদিন আগেও দুই উপজেলার দোকানগুলোতে ইলেকট্রিক, তৈরি পোশাক, হার্ডওয়্যারসহ বিভিন্ন সামগ্রীর স্বল্পতা দেখা দিয়েছিল। অথচ সেই সমস্যা এখন অনেকটাই দূর হয়েছে। সপ্তাহ খানেক ধরে বিভিন্ন ট্রান্সপোর্ট কোম্পানির ট্রাক প্রায় নিয়মিতভাবে মালামাল নিয়ে বেড়ায় আসছে। ব্যবসায়ীরাও ঢাকায় গিয়ে অথবা টেলিফোনে দোকানের জন্য মালামাল কিনতে শুরু করেছেন।
আমার বাংলা ট্রান্সপোর্ট কোম্পানির বেড়া প্রতিনিধি মজিবর রহমান ও প্রদীপ কুণ্ডু জানান, প্রতিদিনই এক বা একাধিক ট্রাক মালামাল নিয়ে ঢাকা থেকে বেড়ায় আসছে। যা প্রায় স্বাভাবিকের মতোই।