'বোমা' দিয়ে পাথর তোলা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক ও করতোয়া নদী এলাকায় নিষিদ্ধ ‘বোমা’ মেশিন (যন্ত্র) দিয়ে পাথর উত্তোলন বন্ধ হচ্ছে না। এতে কৃষি জমির দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কাসহ পরিবেশ, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিষিদ্ধ বোমা মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলন বন্ধ করতে তারা ১৩ অক্টোবর উচ্ছেদ অভিযান চালায়। ওই দিন দুটি বোমা মেশিন, একটি পাথর বহনের ট্রলি ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ছাড়া দুজন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয়দের কয়েকজন জানান, উপজেলা প্রশাসনের ওই অভিযানের পর তিন-চার দিন পাথর উত্তোলন বন্ধ রাখেন অসাধু ব্যবসায়ীরা। কিন্তু উপজেলা প্রশাসন আর অভিযান না চালানোর কারণে আবারও তাঁরা পাথর ও বালু উত্তোলন শুরু করেন।
২৩ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, উপজেলার বালাবাড়ী, লোহাকাচি, ডাহুক, হারাদীঘি ও রওশনপুর এলাকায় ডাহুক নদে অর্ধশত বোমা মেশিন চলছে। মেশিনগুলো নদীর মধ্যবর্তী স্থানে বসিয়ে পাথর ও বালু উত্তোলন করা হচ্ছে।
এলাকার কয়েকজন অভিযোগ করে জানান, স্থানীয় প্রশাসন, দলীয় নেতা, জনপ্রতিনিধিদের ম্যানেজ করেই বোমা মেশিনের মালিকেরা পাথর উত্তোলন করছেন। সরকার-সমর্থক শালবাহান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুর ইসলাম, বুড়াবুড়ির ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানসহ কয়েকজন মেশিন মালিক কয়েক বছর ধরে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন। বর্তমানে বোমা মেশিন মালিকদের অপতৎপরতা এতটাই বেড়েছে যে দিন-রাত ২৪ ঘণ্টাই তাঁরা নদী থেকে পাথর উত্তোলন করছেন। তেলের খালি ড্রাম নৌকার মতো করে তার ওপর উচ্চক্ষমতাসম্পন্ন মেশিন বসানো হয়। এরপর নদীর যে এলাকায় পাথরের স্তর বেশি সেখানে ৭ ইঞ্চি থেকে ১০ ইঞ্চির ব্যাসার্ধের পাইপ ড্রিলিং করে তলদেশের গভীরে যতটা পারা যায় প্রবেশ করিয়ে পাথর টেনে আনা হয়। এরপর ট্রাক্টরে করে সেই পাথর অন্যত্র সরিয়ে রাখা হয়। যা পাথর ব্যবসায়ীরা সরাসরি সেখান থেকে ক্রয় করে নিয়ে যান।
তবে কামরুজ্জামান ও নুর ইসলাম দাবি করেন, তাঁরা নদী থেকে পাথর ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত নন।
ভয়াবহ ভূমিধস ও কৃষি জমির ক্ষতির আশঙ্কা: নদীর ৫০ থেকে ২০০ ফুট গভীর থেকে পাথর ও বালু তোলার কারণে নদীর মাঝখানে একদিকে যেমন বড় বড় গর্তের সৃষ্টি হচ্ছে, অপরদিকে বালু পড়ে বন্ধ হয়ে যাচ্ছে নদীর গতি প্রবাহ। এতে ভয়াবহ ভূমিধস হতে পারে বলে সংশ্লিষ্ট বিষয়ের অভিজ্ঞরা মনে করছেন।
এ ছাড়া নদীর আশপাশের কৃষি জমিরও দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. বেলায়েত হোসেন বলেন, ‘বোমা মেশিন উচ্ছেদের অভিযান চালানো হয়েছে। তবে আমরা মেশিন বন্ধের জন্য চেষ্টা চালিয়ে যাব।’
পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক ওসমান গনি মুঠোফোনে জানান, মাটির নিচ থেকে বালি বা পাথর উত্তোলনের জন্য জেলা প্রশাসকের অনুমতি নিতে হয়। জেলা প্রশাসকের অনুমতির পরও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমতি নেয় কি না জানি না, তবে তাঁদের কাছে কেউ আসেনি। শিগগিরই পরিবেশ আদালতের কার্যক্রম শুরু হবে। এরপর জেলা প্রশাসনের সহযোগিতায় তাঁদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া সহজ হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, বোমা মেশিন বন্ধে প্রশাসন তৎপর রয়েছে। এ ব্যাপারে উচ্ছেদ অভিযান
পরিচালনা করা হয়েছে। বোমা মেশিন বন্ধে আরও অভিযান চালানো হবে।