'বোমা' মেশিনে সৃষ্ট খাদে এক যুগে নিহত ১৭ জন
অবৈধ ‘বোমা’ মেশিনের মাধ্যমে পাথর তোলার কারণে নদীতে ছোট-বড় গভীর খাদের সৃষ্টি হয়৷ ওপর দিয়ে দেখে এসব গর্ত বোঝা যায় না৷ লালমনিরহাটের পাটগ্রামের ধরলা নদীর বিভিন্ন এলাকায় গোসল করতে নেমে ওই রকম খাদে পড়ে এক যুগে শিক্ষার্থীসহ অন্তত ১৭ জন প্রাণ হারিয়েছে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বলেন, খাদে পড়ে মানুষ মারা যাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক৷ বোমা মেশিন উচ্ছেদের অভিযান জোরদার করা হয়েছে৷ এলাকার মানুষ বোমা মেশিন বন্ধের বিষয়ে আরও সচেতন হলেই এটা একেবারে বন্ধ করা সম্ভব৷
অনুসন্ধানে জানা গেছে, চলতি বছরের ২৩ মে উপজেলার জগৎবেড় ইউনিয়নের বাংলাবাড়ী গ্রাম এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে গভীর খাদে পড়ে আকিমুস সালাতু (১৮) নামের রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্রী ও তাঁর ছোট বোন তাসমি তুহা (১২) মারা যায়৷ একই সময়ে গর্ত থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় নিহত আকিমুস সালাতুর বান্ধবী বগুড়ার সুমাইয়া আক্তার (১৭), রংপুরের শানু (২০) ও ছোট ভাই শিথিলকে (৬)৷
২০১২ সালের ৬ জুন পাটগ্রাম ইউনিয়নের পেদিরবাড়ী এলাকায় দাদির সঙ্গে নদীতে গোসল করতে যায় মণি (৬)৷ স্রোতের টানে খাদে পড়ে মণি নিখোঁজ হয়৷ এক দিন পর তার লাশ উদ্ধার করা হয়৷
২০০৬ সালের ২৪ জুন বুড়িমারী এলাকায় খাদে পড়ে একসঙ্গে তিন শিক্ষার্থী সালমান (১৫), সোহাগ (১৫) ও ফয়সাল (১৬) মারা যায়৷ তারা ভারতের দার্জিলিংয়ের হিমালয় বোর্ডিং স্কুলে লেখাপড়া করত৷ ঢাকায় অবস্থানরত বাব-মায়ের কাছে যাওয়ার জন্য গ্রীষ্মকালীন ছুটিতে তারা চ্যাংরাবন্ধা হয়ে বুড়িমারী স্থলবন্দরে এসেছিল৷ ওই দিন ধরলা নদীতে হাঁটুপানিতে তারা হাঁটতে নেমেছিল৷
এর তিন দিন পর কাউয়ামারীর পেদিরবাড়ীর আবু তালেব ঠাকুর (৩৫) একইভাবে খাদে পড়ে নিখোঁজ হন৷ তাঁর লাশ খুঁজতে গিয়ে সরকারহাটের নন্দেরঘাটে পাওয়া যায় আরেক অজ্ঞাতনামা ব্যক্তির (৩৮) লাশ৷ এর পরদিন পাটগ্রাম পৌরসভার সাহেবডাঙ্গার হাফিজুল ইসলাম (২৬) খাদে পড়ে নিখোঁজ হন৷ তাঁকে আর পাওয়া যায়নি৷ এভাবে ধরলা নদীর গভীর খাদে পড়ে গত প্রায় এক যুগে অন্তত ১৭ জন মারা গেছে বলে খোঁজ নিয়ে জানা গেছে৷
সরেজমিনে দেখা গেছে, ধরলা নদীর গভীরে বসানো হয়েছে সারি সারি মোটা পাইপ৷ পানিতে তেলের খালি ড্রামের ওপর ভাসমান অবস্থায় রয়েছে পাইপ৷ প্রতিটি পাইপের সঙ্গে একটি ‘বোমা’ মেশিন৷ জানা যায়, ৫০ থেকে ২০০ ফুট গভীর থেকে এ মেশিন দিয়ে পাথর তোলা হচ্ছে৷
পাথর ব্যবসায় জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০১ সাল থেকে পাটগ্রামে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন শুরু হয়েছে৷ বর্তমানে পাটগ্রামে প্রায় ৪০০ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে৷