‘বেড়ি থাইকলে আইজ এই দশা অইতো না’
জোয়ারের পানির তোড়ে বেড়িবাঁধ ভেঙে হাতিয়ার বিভিন্ন এলাকার হাজারো বাড়িঘরে পানি ঢুকে গেছে। সেই পানি এখনো কমেনি। এতে দুর্ভোগে পড়েছেন সেখানকার হাজার হাজার মানুষ। গতকাল রোববার নলচিরা, সুখচর, তমরদ্দি ও চরঈশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন যাপনের করুণ চিত্র দেখা যায়।হাতিয়ার নলচিরা স্টিমার ঘাটের পূর্ব দিকে মেঘনাপাড়ের কুঁড়েঘরে বাস করতেন পারভিন (৪৫)। স্বামী, দুই ছেলে ও দুই মেয়েসহ পরিবারের সদস্যসংখ্যা ছয়। জোয়ারে তাদের বাড়িঘর ভেসে গেছে। মাথা গোঁজার আশ্রয় হারিয়ে তারা এখন অসহায়। শূন্য ভিটেয় দাঁড়িয়ে পারভিনের আহাজারি—‘বেড়ি থাইকলে আইজ আংগো এই দশা অইতো না। আইজ আমরা পথের ভিখারি। তিন দিন না খাইয়া আছি।’একই এলাকার রুনা বেগমের (৩২) বাড়িঘরও জোয়ারের পানিতে ভেসে গেছে। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি অন্যের বাড়ির বারান্দায় আশ্রয় নিয়েছেন। তিন দিন ধরে তারা উপোস। নলচিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিনের বাড়িও জোয়ারের পানিতে ভেসে গেছে। তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ তিনি তিন দিন ধরে না খেয়ে আছেন। নলচিরা হাসি সংস্থার কলোনিতে বসবাসরত ১০টি পরিবারের সবার ঘরে পানি ঢুকেছে। উল্লেখ্য, নলচিরা ইউনিয়নে সাত কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে সাড়ে ছয় কিলোমিটার মেঘনার স্রোতে বিলীন হয়ে গেছে। তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের বেড়িবাঁধ জোয়ারের পানিতে ভেঙে ১ নম্বর ক্ষিরোদিয়া ও ২ নম্বর ক্ষিরোদিয়া গ্রাম দুটি সম্পূর্ণ প্লাবিত হয়েছে। ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিজানুর রহমান বলেন, বাড়িঘর ও রান্নাঘরে পানি ঢোকায় গত তিন ওই এলাকার কারও ঘরেই রান্না হয়নি।একই ইউনিয়নের কোরালিয়া গ্রামে বেড়িবাঁধ ভেঙে কোরালিয়া, পূর্ব জোড়খালী, পশ্চিম জোড়খালী, বেজুগালিয়া ও মদনখালী গ্রাম প্লাবিত হয়েছে। কোরালিয়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, বাড়িতে পানি ঢোকায় তাঁরা রান্না করতে পারছেন না।তমরদ্দি ইউনিয়নের দুই জায়গায় সাড়ে চার কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। সুখচর ইউনিয়নের চার কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। খোঁজ নিয়ে জানা যায়, নিঝুম দ্বীপ, চর কিং ও চানন্দী ইউনিয়নের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সরকারিভাবে ১০ টন চাল ও ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু দুর্গত ব্যক্তিরা বলছেন, চাল ও টাকা এখনো ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুণ অর রশিদ বলেছেন, ত্রাণের চাল ও টাকা ইউপি চেয়ারম্যানদের বণ্টন করে দেওয়া হয়েছে।