‘বেড়িবাঁধ চাই, সাহায্য না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন একটি দ্বীপ চরকুকরীমুকরী। এই চরের বাসিন্দাদের একটাই দাবি, ‘বেড়িবাঁধ চাই, সাহায্য চাই না।’ সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কাপালিপাড়া গ্রামটি জোয়ারের পানিতে থই থই করছে। মরিচ, ডাল, চীনাবাদাম ও আলু খেত পানিতে তলিয়ে গেছে। একই অবস্থা চরের ব্যাপক এলাকার। এ সময় স্থানীয় কৃষক আ. মানিক বলেন, ‘বেড়িবাঁধ থাকলে জোয়ারের পানি আমাদের ফসল নষ্ট করতে পারত না।’ স্কুলশিক্ষক আ. মালেক বলেন, ‘অমাবস্যা ও পূর্ণিমার সময় জোয়ারের পানিতে চরটি প্লাবিত হয়ে যায়। এতে বিভিন্ন কাঁচা সড়কের ব্যাপক ক্ষতি হয়। পুরো বর্ষায় চরের মানুষ জলোচ্ছ্বাসের আতঙ্কে থাকে। বর্ষা মৌসুম শুরুর আগেই এবার চরটি জোয়ারের পানিতে প্লাবিত হয়।’ আইলার জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত চরপাতিলার আছিয়া বেগম (৭০) বলেন, ‘বইন্যার দিন সকালে জোয়ার শুরুর সময় আমি চুলোয় ভাত রানছিলাম। মুহূর্তের মধ্যে পানিতে ভাতের পাতিলসহ সবকিছু ভাসাইয়া নিয়া যায়। আমরা সবাই ঘরের চালে ভাসতে ভাসতে ফরেস্টের বনে গিয়া বাঁধি। সবাই বনের গাছে উইঠা কোনোমতে প্রাণ বাঁচাইছি।’ আইলায় তাঁর মতো চরপাতিলার ৩০০ পরিবারের ঘরবাড়ি ভেসে যায়। জামিলা বেগম (৭০) ত্রাণ নিতে এসে বলেন, ‘বইন্যার পানিতে মোগ জীবনডা শেষ কইর্যা দিছে। চরের মানুষদের জানডা বাঁচানোর জন্য একটা বেড়িবাঁধ নির্মাণ কি অইব না?’চরকুকরীমুকরীর ডা. সোবহান বলেন, ’৭০ সালের বইন্যার পর থেকে হগল বইন্যায় এই চরের মানুষের অনেক ক্ষতি হয়েছে। সরকারের কাছে আমাদের একটাই দাবি, ‘বারবার ত্রাণ না দিয়া চরডার চারপাশে বেড়িবাঁধ নির্মাণ করে দেন, তাইলে আমাদের দুখ-কষ্ট হইত না।’ একই ধরনের কথা বলেন নাছির মজুমদার, আবুল শেখ, জেলে মালেক মাঝি (৫০), নাছির মজুমদার, মৎস্য ব্যবসায়ী আবুল হাসেম মহাজন, এম নজরুল ইসলাম চৌধুরী। চরকুকরীমুকরী ইউনিয়নের চেয়ারম্যান আলাল পাটওয়ারী বলেন, ‘চরকুকরীমুকরীতে বেড়িবাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিনের। কোনো সরকারের আমলেই চরবাসীর দাবি পূরণ হয়নি।’চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরকার নুরুল ইসলাম বলেন, ‘চরকুকরীমুকরীর বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই কাজ শুরু করা সম্ভব হবে।’ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, ‘চরটির পারপাশে বেড়িবাঁধ ও মাঝখানে একটি পাকা রাস্তা নির্মাণ করে চরবাসীর যাতায়াতের পথ সহজ করা হবে। প্রকল্পটি অনুমোদনের প্রক্রিয়াধীন। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।’