‘বৈচিত্র্যময় দেশ হিসেবে আদিবাসীদের নিয়ে গর্ব করি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেছেন, বৈচিত্র্যময় দেশ হিসেবে আমরা আদিবাসীদের নিয়ে গর্ব করি। আমরা যারা সংখ্যাগুরু তাদের দায়িত্ব সংখ্যালঘুদের অধিকার, কৃষ্টি-সংস্কৃতি রক্ষা করা। কিন্তু কিছু সুবিধাবাদী গোষ্ঠী চায় না আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা হোক।গতকাল মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা এলাকায় বনৌষধি বাগান ‘মুরল্যা দারু তারুম’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহীন আনাম এসব কথা বলেন। বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সেন্টার ফর ইন্টিগ্রেটেড প্রোগ্রাম অ্যান্ড ডেভেলপমেন্ট (সিআইপিডি) কাপ্তাই হ্রদবেষ্টিত প্রায় ১৫ একর জায়গায় এ বনৌষধির বাগান গড়ে তুলেছে।সিআইপিডির প্রধান নির্বাহী জনলাল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে শাহীন আনাম আরও বলেন, আদিবাসীদের জীবন, জীবিকা ও শিক্ষার উন্নয়ন এবং সংস্কৃতি বা সত্তা রক্ষায় মানুষের জন্য ফাউন্ডেশন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি সংস্থাকে সহযোগিতা দিয়ে যাচ্ছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির সহসভাপতি উষাতন তালুকদার বলেন, বিলুপ্তপ্রায় আদিবাসীদের বনজ ওষুধ সংরক্ষণে প্রকল্প গ্রহণ খুবই প্রশংসনীয় উদ্যোগ। অনুষ্ঠানে আর বক্তব্য দেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, মানুষের জন্য ফাউন্ডেশনের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কারী শামীম ইমাম, ইউএনডিপির জনগোষ্ঠীর ক্ষমতায়ন প্রকল্পের প্রধান বিপ্লব চাকমা, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, মগবান মৌজার হেডম্যান সুজিত দেওয়ান।সিআইপিডির সমন্বয়কারী বিমলেন্দু চাকমা জানান, ওষুধি গাছ, লতা, গুল্ম চিহ্নিত করাসহ বনৌষধি বাগান সৃষ্টি, আদিবাসীদের পুরাতন তাহ্লিক শাস্ত্র সংগ্রহ ও সংরক্ষণ, বনৌষধি তৈরি ও বিপণন এবং বৈদ্য দল গঠনের লক্ষ্যে সিআইপিডি পাঁচ বছর আগে এ বাগান সৃষ্টি করে। সম্প্রতি এ প্রকল্পে মানুষের জন্য ফাউন্ডেশন সহায়তা দিতে সম্মত হয়। এর ফলে আদিবাসীদের বনৌষধি সংরক্ষণ ও ঐতিহ্যবাহী জ্ঞানকে বিকশিত করতে গবেষণা পরিচালনার পথ সুগম হয়ে উঠবে।