'বৈশাখকে কেন্দ্র করে সমাবেশ শোভাযাত্রা করবেন না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীদের কোনো ধরনের সমাবেশ বা শোভাযাত্রা না করার আহ্বান জানিয়েছেন দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ। গতকাল সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নির্বাচন কমিশনের সঙ্গে দক্ষিণের প্রার্থীদের মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
মিহির সারোয়ার প্রার্থীদের উদ্দেশে বলেন, ‘মঙ্গলবার (আজ) পয়লা বৈশাখ। আপনাদের সবাইকে বৈশাখের আগাম শুভেচ্ছা। এ উপলক্ষে ভোটারসহ সবার মাঝে উদ্দীপনা থাকবে। এই দিনে সাধারণত বিভিন্ন স্থানে বিপুল জনসমাগম হয়ে থাকে। উৎসবমুখর জনসমাগমকে কেন্দ্র করে এমন কিছু করবেন না, যা নির্বাচনী প্রচারণা হয়ে যায়। কাউকে কোনো ধরনের উপহার দেওয়া যাবে না। তবে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারবেন।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘বৈশাখ উপলক্ষে অনেক প্রার্থীই আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় অংশ নিতে পারেন। এ বিষয়ে আমাদের ভ্রাম্যমাণ আদালতকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে। কেউ আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালালে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’