'বৈশাখী' ইলিশের দাম একটু চড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখের কারণেই ইলিশের দাম চড়া। গতকাল কারওয়ান বাজার থেকে তোলা ছবি । প্রথম আলো
বৈশাখের কারণেই ইলিশের দাম চড়া। গতকাল কারওয়ান বাজার থেকে তোলা ছবি । প্রথম আলো

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর বাজারে ইলিশ মাছের দাম এখন একটু ‘চড়া’। বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখে পান্তা-ইলিশের প্রধান অনুষঙ্গ ইলিশের এই ‘নগরকেন্দ্রিক’ চাহিদাকে পুঁজি করে ফায়দা লুটছেন পাইকারি ও খুচরা মাছ ব্যবসায়ীরা। ইলিশের দাম সপ্তাহ খানেক আগের চেয়ে কিছু বাড়লেও গতবারের তুলনায় কম।
মাছ ব্যবসায়ীরা জানান, মার্চ-এপ্রিল ইলিশ বড় হওয়ার সময় বলে এখন মেঘনা নদীতে ইলিশ ধরা নিষিদ্ধ। এ ছাড়া বিষখালী, তেঁতুলিয়া, যমুনা, পায়রা নদী ও সাগরে নিষেধাজ্ঞা না থাকলেও ইলিশ কম ধরা পড়ছে। তাই এখন বাজারে যে ইলিশ পাওয়া যাচ্ছে, তার বেশির ভাগই কয়েক মাস আগে মজুত করা হিমায়িত ইলিশ। আমদানি করা মিয়ানমারের ইলিশও আছে। এখন ধরা পড়া ইলিশের সংখ্যা কম। এগুলো দেখতে চকচকে। এর কদর ও দাম দুই-ই বেশি।
কারওয়ান বাজারে গতকাল শুক্রবার গিয়ে দেখা যায়, এক কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশের হালি আট হাজার ও এক কেজি ওজনের ইলিশের হালি ছয় হাজার টাকা হাঁকছেন এক বিক্রেতা। দাম এত বেশি কেন—জানতে চাইলে বিক্রেতা বলেন, ‘পদ্মার তাজা ইলিশ। তাই দাম একটু বেশি। নিলে ঠকবেন না।’ এক সপ্তাহ আগে এক কেজি ওজনের এক হালি ইলিশের দাম ছিল প্রায় তিন হাজার টাকা।
যাত্রাবাড়ী কাঁচাবাজারে দুপুরে দেখা যায়, ৮৫০ থেকে ৯০০ গ্রাম ওজনের ‘তাজা ইলিশের’ (এ সময়ে ধরা) হালি তিন হাজার ২০০ টাকা চাইলেন এক বিক্রেতা। পাশের বিক্রেতা বিবেক প্রায় একই আকারের হিমায়িত ইলিশের হালি দুই হাজার ৮০০ টাকা চাইলেন। তিনি বললেন, সকালে এই ওজনের দুই জোড়া ইলিশ তিনি বিক্রি করেছেন যথাক্রমে দুই হাজার ১০০ ও এক হাজার ৮০০ টাকায়। কাল (আজ শনিবার) থেকে দাম আরও বাড়বে।
ছোট আকারের ইলিশের দাম সব বাজারে গতকালও ছিল মোটামুটি হাতের নাগালে। কারওয়ান বাজারে ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশের হালি ৬০০ টাকায় বিক্রি হয়।
পুরান ঢাকার নারিন্দা ও দয়াগঞ্জ বাজারে বড় ইলিশ দেখা যায়নি। এ দুই বাজারে ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৫০০ টাকায় এবং ৩০০ থেকে ৪৫০ গ্রামের প্রতিটি ইলিশ ৪০০ টাকায় বিক্রি হয়। এ দুই বাজারে দুই দিন আগে একই ওজনের ইলিশের দাম ছিল ২০০ থেকে ২৫০ টাকা।
একাধিক মাছ বিক্রেতা জানান, বাড়তি লাভের আশায় নববর্ষের জন্য প্রতিবছরই ইলিশ হিমায়িত করে রাখেন আড়তদারেরা। পয়লা বৈশাখের সপ্তাহ খানেক আগে থেকে সেগুলো বাজারে ছাড়েন। এবারও এর ব্যতিক্রম হয়নি।
ঢাকা মহানগর মাছ ও কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন শিকদার প্রথম আলোকে বলেন, এক কেজি ওজনের ইলিশ এক মাস আগেও প্রতি মণ বিক্রি হয়েছে ৬০ হাজার টাকায়। এখন বিক্রি হচ্ছে ৮০ হাজার টাকায়। ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশের মণ ৩০ থেকে ৪০ হাজার টাকা। ইলিশের আমদানি কম থাকায় আড়তদারেরা সুযোগ নিচ্ছেন। তিনি বলেন, সরকার নজরদারি বাড়ালে এই সময়ে ইলিশের দাম আরও কম থাকত। কারণ পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশের চাহিদা কিন্তু রাজধানী ও বিভাগীয় শহরগুলোতেই বেশি। গ্রামগঞ্জে তেমন চাহিদা নেই।
এদিকে পয়লা বৈশাখ সামনে রেখে পাড়া-মহল্লায় ইলিশের ফেরিওয়ালাদের হাঁকডাকও বেড়েছে। তাঁদের কাছে ছোট আকারের ইলিশ ও জাটকাই বেশি।
সবজির দাম সহনীয়: গতকাল সব ধরনের সবজির দামই ছিল সহনীয় পর্যায়ে। বেশির ভাগ সবজির দামই ২০ থেকে ২৫ টাকার মধ্যে। দেশি পেঁয়াজ ২৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ ৪০ টাকা কেজি। চালের দাম বাড়তিতেই স্থির আছে। তবে আদার দাম বেড়ে প্রতি কেজি ২০০ টাকা হয়েছে।