'বৈষম্য দূরের সংগ্রাম সফল করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব মানবসভ্যতার ইতিহাস পাল্টে দিয়েছে। এই বিপ্লবের মাধ্যমে শোষিত শ্রেণির ওপর শাসকশ্রেণির শোষণের অবসান ঘটে। অক্টোবর বিপ্লবের শিক্ষা নিয়ে সমাজের সব ধরনের বৈষম্য দূর করার সংগ্রাম সফল করতে হবে।

‘মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের’ শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের মুসলিম হলে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম এই আলোচনা সভার আয়োজন করে।

সভায় ভারতের কমিউনিস্ট পার্টির (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য মৃদুল দে বলেন, বিশ্বের ১০ শতাংশ লোক মোট ৯০ শতাংশ সম্পদ ভোগ করছে। পৃথিবীতে ধনী-গরিবের পার্থক্য ক্রমান্বয়ে বেড়ে চলছে। এটি দূর করতে এক মেরুর বিশ্ব তৈরি করতে হবে।

পুঁজিবাদী শক্তি বিভিন্ন দেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য যুদ্ধ, সাংস্কৃতিক আগ্রাসনসহ বিভিন্ন ধরনের আগ্রাসন চালাচ্ছে বলে অভিযোগ করেন কমরেড মৃদুল দে।

সভায় কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, গুণগত পরিবর্তন করে পৃথিবীকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিস্ট পার্টির কর্মীদের লড়াই করতে হবে। এই লড়াইয়ে জনগণকে সঙ্গে নিতে হবে।

সিপিবির চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল নবীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সভাপতিমণ্ডলীর সদস্য শাহীন রহমান, সদস্য মৃণাল চৌধুরী ও অভিনু কিবরিয়া ইসলাম, চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদক অশোক সাহা ও সাবেক সভাপতি আহসান উল্লাহ চৌধুরী।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।