'বৈষম্য বন্ধে নারীকেই কথা বলতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্শা বার্নিকাট
মার্শা বার্নিকাট

জেন্ডার ইস্যু শুধুই নারীর ইস্যু নয়। এটি সামাজিক, অর্থনৈতিক এমনকি রাষ্ট্রীয় ইস্যু। আর নারী নির্যাতন ও জেন্ডার বৈষম্য বন্ধ করতে হলে নারীদের এখনই আওয়াজ তুলতে হবে। নারী নির্যাতন প্রতিরোধে পুরুষকেও সম্পৃক্ত হতে হবে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে ‘যৌন হয়রানি, জেন্ডারভিত্তিক সহিংসতা ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকদের বক্তব্যে এসব কথা ওঠে আসে। ইউএসএআইডি’র সহায়তায় প্রটেক্টিং হিউম্যান রাইটস (পিএইচআর) প্রোগ্রাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এবং উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশ (ডব্লিউজেএনবি) যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।
গোলটেবিল বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, `যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর সব দেশেরই সমস্যা। নারীর প্রতি সব ধরনের সহিংসতা থেকে মুক্তি পেতে হলে নারীদেরই কথা বলতে হবে, প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে।'
রাস্তায় হয়রানিকে খোদ যুক্তরাষ্ট্রের একটি বড় সমস্যা উল্লেখ করে বার্নিকাট ২০১৫ সালের একটি জরিপের তথ্য তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রে ৯৬ শতাংশ নারী রাস্তায় যৌন হয়রানির শিকার হচ্ছে। অন্য আরেক জরিপের তথ্যমতে, যৌন হয়রানির শিকার হওয়ার পর ১০ বছর বয়সের ৮৬ শতাংশ কন্যাশিশুর আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আইলিন ও’কনোর বলেন, নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনতে হলে পুরুষদের সম্পৃক্ত করতে হবে এবং মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তিনি নিজের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, শুধু বাইরের পুরুষই নয়, সহকর্মী পুরুষের মাধ্যমে কর্মজীবী নারীরা নিপীড়নের শিকার হন।

গোলটেবিল বৈঠকের মূল প্রবন্ধে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, বাংলাদেশে নেতৃত্বে পরিবর্তন ঘটেছে। পুরুষের হাত থেকে নারীর হাতে নেতৃত্ব গেছে। কিন্তু এতে করে নারীদের সত্যিকারের উন্নয়ন হয়নি।

জেন্ডার বৈষম্য, নারীর প্রতি সহিংসতা, পোশাকশিল্পে নারী শ্রমিকের অবদানসহ বিভিন্ন বিষয় সেভাবে গণমাধ্যমের নজর আকর্ষণ করতে পারেনি বলেও উল্লেখ করেন মাহফুজ আনাম। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই সত্যিকার অর্থে সাংবাদিকতা করতে হলে এ বিষয়গুলো বাদ দিয়ে তা হবে না বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে আরেক প্রবন্ধে বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল যৌন নিপীড়ন প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকে সোচ্চার ভূমিকা পালন করতে হলে গণমাধ্যমের নীতিনির্ধারণী পর্যায়ে যাঁরা আছেন সবার আগে তাঁদের সচেতন হওয়াটা জরুরি বলে উল্লেখ করেন।

গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে নীতিনির্ধারণী পর্যায়ে নারীর উপস্থিতি কম থাকায় যৌন নিপীড়ন প্রতিরোধসহ অন্যান্য বিষয়ে গণমাধ্যমগুলোর যে মাত্রায় ভূমিকা পালনের কথা ছিল তা করতে পারছে না বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক গীতিআরা নাসরিন।

বৈঠকে মানবাধিকারকর্মী হামিদা হোসেন, প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আক্তার, বেসরকারি সংস্থা নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, প্ল্যান ইন্টারন্যাশনালের দেশীয় পরিচালক সিনাইট গেব্রেগজিয়াভের, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মাল্টিসেক্টরাল প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হোসেন, দেশ টিভির সিইও সুকান্ত গুপ্ত অলক, দৈনিক ইত্তেফাকের শিফট-ইনচার্জ ফরিদা ইয়াসমিন, উইমেন জার্নালিস্ট নেটওয়ার্ক, বাংলাদেশের সমন্বয়ক আঙ্গুর নাহার, আমেরিকান সেন্টার ঢাকার পরিচালক অ্যান ব্যারোস ম্যাককনেল, প্রেস উইংয়ের প্রধান মেরিনা ইয়াসমিন, প্রেস ও তথ্য কর্মকর্তা মনিকা সাই প্রমুখ উপস্থিত ছিলেন।