'বোধগম্য করতে বাংলায় আইন প্রণয়ন করতে হবে'
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, লোকে যাতে সহজে বুঝতে পারে, সে জন্য বাংলা ভাষায় আইন প্রণয়ন করতে হবে। ইংরেজি ভাষায় প্রণীত আগের আইনগুলোকে মানুষের কাছে বোধগম্য করতে সরকার বাংলায় অনুবাদের পদক্ষেপ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার আইন প্রণয়ন পদ্ধতিবিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অধিবেশনে আইনমন্ত্রী এ কথা বলেন। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রমোটিং অ্যাকসেস টু জাস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস ইন বাংলাদেশ (এটুজে) প্রকল্প যৌথভাবে রাজধানীর সোনারগাঁও হোটেলে এ প্রশিক্ষণের আয়োজন করে।
লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপসচিব মোহাম্মদ মহিউদ্দিন, এটুজে প্রকল্পের মুখ্য কারিগরি উপদেষ্টা ক্রিশ্চিয়ান জন এলডন প্রমুখ। ১৮টি মন্ত্রণালয়ের ৩৮ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নেন। বিজ্ঞপ্তি।