'বোমা তৈরির সময়' বিস্ফোরণে দুজন গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গতকাল শুক্রবার দুপুরে বোমা বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে মো. শাহীনের (৩০) ডান হাতের পাঞ্জা ক্ষতবিক্ষত হয়েছে এবং মো. নাদিমের (২৫) মুখ, চোখ ও শরীর ঝলসে গেছে।
পুলিশ বলেছে, বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ওই দুজন আহত হয়েছেন। পুলিশি হেফাজতে তাঁরা চিকিৎসাধীন। আহত দুজনের স্বজনদের দাবি, শাহীন ডেকোরেশনের ও নাদিম কারচুপির ব্যবসা করেন। যে ঘরে বিস্ফোরণ হয়েছে, সেটি নাদিমের কারচুপির কারখানা।
পরে বেলা তিনটার দিকে ওই তিনতলা বাড়ির কাছে একটি পরিত্যক্ত টয়লেট থেকে ১০০টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব-২।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের সরু গলিতে একটি তিনতলা বাড়ির তৃতীয় তলায় বেলা একটার দিকে বিস্ফোরণের বিকট শব্দ হয়। ঘরটি জেনেভা ক্যাম্পের বাসিন্দা নাদিম কারচুপির কারখানা হিসেবে ভাড়া নিয়েছেন। বিস্ফোরণের কিছুক্ষণ পর শাহিন আহত অবস্থায় নিচে নেমে আসেন এবং গলিতে পড়ে যান। আহত নাদিম হেঁটে নিচে নেমে এলে তাঁর ভাই বশির তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হকসহ কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে শাহিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
ঢাকা মেডিকেল সূত্র জানায়, বেলা দুইটার দিকে মুখ, চোখ ও শরীর ঝলসে যাওয়া নাদিমকে ঢাকা মেডিকেলে আনার আধা ঘণ্টা পর পুলিশ শাহিনকে নিয়ে আসে। শাহিনের ডান হাতের পাঞ্জা ক্ষতবিক্ষত ও শরীরের বিভিন্ন জায়গায় স্প্লিন্টার বিদ্ধ ছিল। পুলিশ হাসপাতালে নাদিমকে আটক করে। চিকিৎসকের পরামর্শে পরে শাহিনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) এবং নাদিমকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ হেফাজতে তাঁদের চিকিৎসা চলছে।
এসআই শামসুল বলেন, বোমা বানানোর সময় শাহিন ও নাদিম আহত হন। সন্দেহভাজন হিসেবে নাদিমের ভাই বশিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সন্ধ্যায় পঙ্গু হাসপাতালে শাহিনের স্ত্রী সানজানা আক্তার প্রথম আলোকে বলেন, দুই সন্তানসহ তাঁরা আদাবরের নবোদয় হাউজিংয়ে থাকেন। সেখানে শাহিন ভাইদের সঙ্গে ডেকোরেশনের ব্যবসা করেন। সকালে বন্ধুরা তাঁকে দোকান থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। তিনি বোমা তৈরির সঙ্গে কোনোভাবেই জড়িত নন। অন্যদিকে শাহিন বলেন, বাসা থেকে দোকানে যাওয়ার পথে শেখেরটেক থেকে তাঁকে কয়েকজন যুবক ধরে জেনেভা ক্যাম্পের ওই ঘরে নিয়ে গিয়েছিল। একজনের সঙ্গে বিরোধের জেরে তারা তাঁকে ধরে নিয়ে যায়। তবে বিরোধের কারণ তিনি বলেননি।
চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, দুই চোখে ব্যান্ডেজ বাঁধা নাদিম ঘুমিয়ে আছেন। তাঁর সঙ্গে কথা বলা যায়নি। পাশে পাহারা দিচ্ছেন পুলিশের এক সদস্য। পরে জেনেভা ক্যাম্পে গিয়ে জানা যায়, যে ঘরে বিস্ফোরণ হয়েছে এর কাছেই একটি ঘরে ভাড়া থাকেন নাদিম। আশপাশে তাঁর ভাইবোন ও স্বজনেরা থাকেন। তাঁর বোন সাবরা বেগম দাবি করেন, নাদিম বোমা তৈরির সঙ্গে জড়িত নন। অন্য কেউ তাঁর কারখানায় বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।
নাদিমের ওই কারখানা তালাবদ্ধ করে রেখেছে পুলিশ।
র‌্যাব-২-এর অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ প্রথম আলোকে বলেন, ওই বিস্ফোরণের পর বেলা তিনটার দিকে তাঁরা জেনেভা ক্যাম্পের ওই বাড়ির কাছের একটি পরিত্যক্ত টয়লেট থেকে ১০০টি বোমা, বোমা তৈরির স্প্লিন্টার, মার্বেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন।