'বোমা তৈরি'র সময় কবজি হারালেন শিবির নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে পুলিশ পাহারায় চিকিত্সা নিচ্ছেন ‘বোমা বানাতে গিয়ে’ কবজি হারানো বগুড়ার আজিজুল হক কলেজ শাখা শিবিরের সভাপতি জুয়েল সরকার । ছবি: প্রথম আলো
হাসপাতালে পুলিশ পাহারায় চিকিত্সা নিচ্ছেন ‘বোমা বানাতে গিয়ে’ কবজি হারানো বগুড়ার আজিজুল হক কলেজ শাখা শিবিরের সভাপতি জুয়েল সরকার । ছবি: প্রথম আলো

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ শাখার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জুয়েল সরকার (২৭) বোমা বিস্ফোরণে আহত হয়ে শহরের একটি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার আটক হয়েছেন। পুলিশের দাবি, বোমা তৈরির সময় তা বিস্ফোরণে তিনি আহত হন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া-পলাশবাড়ি গ্রামে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছেন মোহাম্মদ কালু (৩২) নামের এক ব্যক্তি।
বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক জানান, গতকাল সকালে শহরের জামিলনগর এলাকার একটি মেসে বোমা তৈরির সময় তা বিস্ফোরিত হয়ে আজিজুল হক কলেজ শিবিরের নেতা জুয়েল সরকার গুরুতর আহত হন। শহরের মফিজ পাগলার মোড়ে ইসলামী হাসপাতালে তাঁর গোপনে চিকিৎসা চলছে—এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে পোশাকধারী ও গোয়েন্দা পুলিশ পাঠিয়ে হাসপাতালটি ঘেরাও করা হয়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজির হোসেন প্রথম আলোকে জানান, বেলা ১১টার দিকে প্রথমে হাসপাতালটি ঘিরে ফেলা হয়। অস্ত্রোপচার কক্ষে তালা ঝুলতে দেখে তা ভেঙে দেখা যায়, সেখানে শিবিরের আহত নেতার চিকিৎসা চলছে। এ সময় তাঁকে আটক করে পুলিশি হেফাজতে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ‘গোপনে চিকিৎসা’ দেওয়ার অভিযোগে হাসপাতালের পরিচালক সেলিম রেজা, চিকিৎসক আশরাফ আলী ও মিজানুর রহমান এবং সেবিকা ও কর্মচারী তাহেরা বেগম, রমিছা খাতুন ও মোখলেছার রহমানকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বেলা দুইটার দিকে ওই মেসে অভিযান চালিয়ে বেশ কিছু স্প্লিন্টার ও দুটি আঙুল উদ্ধার করা হয়েছে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক রেজাউল আলম জানান, পুলিশি হেফাজতে চিকিৎসাধীন শিবিরের ওই নেতার বাঁ কবজি ও ডান হাতের আঙুল উড়ে গেছে। তাঁর পেটও জখম হয়েছে।
এদিকে শিবিরের নেতা জুয়েল সরকারের আহত হওয়ার ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে গতকাল সকালে ও বিকেলে দুই ধরনের ব্যাখ্যা দেওয়া হয়। বিকেলে প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে পাঠানো ইসলামী ছাত্রশিবিরের বগুড়া শহর শাখার প্রচার সম্পাদক মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শিবিরকে রাজনৈতিকভাবে হেয় করতেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃত ঘটনা হচ্ছে, সকাল সাড়ে নয়টায় শিবিরের নেতা জুয়েল সরকার তাঁর জামিলনগরের বাসা থেকে সাংগঠনিক কাজে বের হচ্ছিলেন। এ সময় বাসার সামনে মুখোশধারী দুই মোটরসাইকেল আরোহী এসে তাঁকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর পুলিশ তাঁকে অমানবিকভাবে আটক করে।
ছাত্রশিবিরের বগুড়া শহর শাখার প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান বিবৃতি পাঠানোর কথা স্বীকার করে বলেন, ‘বোমা বানাতে গিয়ে নয়, বোমা হামলায় জুয়েল আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ হয়রানির উদ্দেশ্যেই চিকিৎসাধীন অবস্থায় তাঁকে হাসপাতাল থেকে আটক করে।’
এর আগে সকালে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বগুড়া শহর শাখার সভাপতি আলাউদ্দিন সোহেল ও সেক্রেটারি মো. রেজাউল করিম এক যুক্ত বিবৃতিতে বলেন, জুয়েল সরকার তাঁর বাসার সামনে ককটেলসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে তা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন। তাঁরা সংবাদটি সঠিকভাবে উপস্থাপনের জন্য সাংবাদিকসহ মিডিয়ার ব্যক্তিদের অনুরোধ জানান।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া-পলাশবাড়ি গ্রামে গতকাল ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে মোহাম্মদ কালু আহত হয়েছেন। তিনি ওই গ্রামের কাজেম উদ্দীনের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, বেলা তিনটার দিকে কালুর বাড়িতে বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন। ককটেল বানাতে গিয়েই এই বিস্ফোরণ হতে পারে।