'বোমা বানানোর সময়' যুবকের মৃত্যু
মেহেরপুরে ‘বোমা বানাতে গিয়ে’ গতকাল বুধবার সাহারুল ইসলাম (৪০) নামের স্থানীয় এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে সীমান্তবর্তী গাংনী উপজেলার কাজীপুর গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে তিনি গুরুতর আহত হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
সাহারুল কাজীপুর গ্রামের বাসিন্দা। তিনি নিজ বাড়িতে কয়েকজনকে সঙ্গে নিয়ে বোমা তৈরি করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সাহারুল কয়েকজনকে সঙ্গে নিয়ে জর্দার কৌটা ও বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য দিয়ে ককটেল তৈরি করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটলে তিনি গুরুতরভাবে আহত হন। পরিবারের লোকজন সাহারুলকে উপজেলার বামন্দী এলাকায় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে সাহারুলের অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে গাংনী থানার পুলিশ তাঁকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে বিকেলে তাঁর মৃত্যু হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসিবুল ইসলাম জানান, বোমার আঘাতে সাহারুলের দুই কবজিই উড়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।