'বোমা মেশিনের' গর্ত ধসে চার শ্রমিকের মৃত্যু
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারির ‘বোমা মেশিনের’ গর্ত থেকে রাতের বেলা পাথর উত্তোলন করতে গিয়ে মাটি ধসে মারা গেছেন চার শ্রমিক। গতকাল রোববার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। দুজন শ্রমিক ঘটনাস্থলে ও দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামের মইনুদ্দিন (৪০), দানা মিয়া (২২), দেলোয়ার হোসেন (২৪) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের সেলিম আহমদ। এঁরা পাথর কোয়ারি এলাকায় অস্থায়ী তাঁবুতে থাকতেন। তাঁরা দিনে ও রাতে পালাক্রমে কোয়ারি এলাকায় পাথর উত্তোলনের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে আটটার দিকে পশ্চিম ইসলামপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য দেলওয়ার হোসেনসহ কয়েকজন পাথর ব্যবসায়ীর মালিকানাধীন কোয়ারির একটি গভীর গর্ত থেকে পাথর উত্তোলন করছিলেন। এরপর প্রায় ২৫-৩০ ফুট গভীর গর্তের পাড় ভেঙে নিচে চাপা পড়েন ওই চারজন। খবর পেয়ে অন্য শ্রমিকেরা গর্তে নেমে চারজনের মধ্যে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। অচেতন অবস্থায় উদ্ধার করা অপর দুজন রাত নয়টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন রাতেই ঘটনাস্থলে গিয়ে চার শ্রমিকের মরদেহ পুলিশের হেফাজতে নেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তিনি জানান।
পাথর কোয়ারির শ্রমিক সূত্রে জানা গেছে, যে গর্তে পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে, সেটি অবৈধ ‘বোমা মেশিন’ দিয়ে পাথর উত্তোলন করার জন্য খোঁড়া হয়েছিল। প্রায় এক সপ্তাহ অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল গর্তটি।
তবে গর্তের মালিক দেলওয়ার হোসেনের দাবি, তাঁর গর্তে বোমা মেশিন চালানো হয়নি। পাথর উত্তোলন শেষে গর্তটি পরিত্যক্ত অবস্থায় ছিল। রাতে ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটতে পারে।
আজ বিকেলে এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে জানান, দুর্ঘটনাকবলিত গর্তটি বোমা মেশিনের কি না, এ ব্যাপারে পুলিশকে কেউ কিছু জানায়নি। দুর্ঘটনা নিয়েও নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পুলিশকে দেওয়া হয়নি। চারজনের পরিবার থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করার অনুমতি চেয়ে একটি আবেদন করা হয়েছে।
ভোলাগঞ্জসহ সিলেটের বিভিন্ন পাথর কোয়ারিতে যন্ত্র দিয়ে পাথর উত্তোলনে ‘বোমা মেশিন’ (পাথর উত্তোলন যন্ত্র) ব্যবহার করা হয়। মাটি প্রায় ৩০ থেকে ৪০ ফুট গর্ত করে পাথর উত্তোলন করায় ভূ-গর্ভস্থ পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ায় পরিবেশ অধিদপ্তর উচ্চ আদালতের নির্দেশনায় ‘বোমা মেশিন’ দিয়ে পাথর উত্তোলন নিষিদ্ধ করে।