সিলেটের কোম্পানীগঞ্জে দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অবৈধ ‘বোমা মেশিনের’ বদলে ‘সেচযন্ত্র’ চালুর ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। উচ্চ আদালতের নির্দেশে ‘বোমা মেশিন’ দিয়ে পাথর তোলায় নিষেধাজ্ঞা জারির পর প্রশাসন ভোলাগঞ্জে কোনো প্রকার যন্ত্র চালিয়ে পাথর তোলা বন্ধ করে দেয়। পাথর কোয়ারি বন্ধ হওয়ার অজুহাতে গতকাল সোমবার বিকেলে ভোলাগঞ্জে আওয়ামী লীগের নেতারা সভা করে সেচযন্ত্র (শ্যালো মেশিন) চালু করার ঘোষণা দেন। সভায় সরকারদলীয় সাংসদ ইমরান আহমদ ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী ওই সভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ সাহেদা আখতার জানান, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় সম্প্রতি ভোলাগঞ্জ কোয়ারিতে ‘বোমা মেশিন’ দিয়ে পাথর উত্তোলনের জন্য পাথর ব্যবসায়ীদের একটি পক্ষ উচ্চ আদালতে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত ‘কোনো মেশিন ব্যবহারে বাধা দেওয়া যাবে না’ বলে নির্দেশ দেন। এ অবস্থায় বেলা ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ১২ নভেম্বর আদালত আগের রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেন। এতেই কোয়ারিতে বোমা মেশিনসহ সব ধরনের মেশিন ব্যবহার অবৈধ বলে তিনি জানান।সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের নির্দেশনাকে পাশ কাটিয়ে কোয়ারিতে ‘মেশিন’ ব্যবহারের লক্ষ্যে গত রোববার সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে ওই বৈঠকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এবং পাথর উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তবে ওই সভায় পরিবেশ-সংশ্লিষ্ট কাউকে ডাকা হয়নি। তাঁদের অনুপস্থিতিতেই ভোলাগঞ্জসহ সিলেটের সব কোয়ারি চালু রাখার জন্য বোমা মেশিন ছাড়া অন্য মেশিন ব্যবহারের সিদ্ধান্ত হয়।বৈঠক সূত্র জানায়, আদালতের নিষেধাজ্ঞার জন্য এ ধরনের সিদ্ধান্ত না নিতে প্রশাসনের কর্মকর্তারা বাধা দিলেও পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের চাপে আওয়ামী লীগের নেতারাও অনড় অবস্থা নেন।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ‘কোয়ারি এলাকায় যেকোনো মেশিন ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকার বিষয়টি আমরা তাঁদের বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু তাঁরা আইনের “ফাঁক” থাকার যুক্তি দেখিয়ে এমন সিদ্ধান্ত নেন।’এ পরিস্থিতিতেই গতকাল বিকেলে ভোলাগঞ্জ ১০ নম্বর মাঠে স্থানীয় সাংসদ ইমরান আহমদ এবং জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জহির চৌধুরীর উপস্থিতিতে পাথর ব্যবসায়ীদের একটি সভা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আবদুল জলিলের সভাপতিত্বে সভায় পাথর ব্যবসায়ী, স্টোনক্রাশার মালিক ও পাথর শ্রমিক সংগঠনগুলোর নেতারা পাথর ব্যবসায় স্থবিরতার কথা জানান। এ স্থবিরতা কাটাতে পাথর কোয়ারিগুলোতে সেচযন্ত্র চালুর দাবি উত্থাপন করেন তাঁরা। সভা শেষে গতকাল সন্ধ্যায় পাথর কোয়ারিতে সেচযন্ত্র চালুর ঘোষণা দেওয়া হয়। সিলেট থেকে কোম্পানীগঞ্জ গেলেও আদালত অবমাননার আশঙ্কায় সভায় যোগ দেননি সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান। একইভাবে উপজেলা প্রশাসনের কেউ ওই সভায় উপস্থিত হননি।কোম্পানীগঞ্জ অবস্থানকালে মুঠোফোনে মো. মিজানুর রহমান জানান, সভায় যোগদান নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার জন্য তিনি ওখানে গেছেন এবং কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।পাথর কোয়ারি বন্ধ রাখার সিদ্ধান্তকে ‘ভুল’ আখ্যায়িত করে আওয়ামী লীগের নেতা আবদুজ জহির চৌধুরী বলেন, ‘আমরা বলেছি যে পাথর উত্তোলনের ক্ষেত্রে বোমা মেশিনসহ কোনো মেশিন ব্যবহার করা যাবে না। তবে পাথর উত্তোলনের জন্য গর্ত থেকে পানি অপসারণসহ অন্য কাজে সেচযন্ত্র ব্যবহার করা যাবে।’ এ ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা নেই বলে মন্তব্য করেন তিনি।জানা গেছে, সরকারদলীয় সাংসদ ও আওয়ামী লীগের নেতাদের ঘোষণা অনুযায়ী, আজ মঙ্গলবার থেকে পাথর কোয়ারিতে সেচযন্ত্র নামানো হবে। এ প্রস্তুতি ওই সভা শেষে গতকাল রাত থেকেই শুরু হয়েছে। বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, কোয়ারিতে যেকোনো ধরনের মেশিন ব্যবহারের ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় মেশিন ব্যবহারের সিদ্ধান্ত সরাসরি আদালত অবমাননার শামিল। প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানান তিনি।